‘শেষ সংলাপ’-এর ২৫তম সফল মঞ্চায়ন
‘নাটকটি এত বেশি প্রাসঙ্গিক যে, আরও বেশি বেশি দর্শকের দেখানো উচিত এবং সারা দেশে এ নাটকটির প্রদর্শনী করা যেতে পারে। তবে রাজনীতিবিদদের বেশি বেশি নাটকটি দেখানো হলে জনগণ উপকৃত হতো।’ বলছিলেন বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান। সময়-এর শেষ সংলাপ নাটকটির প্রদর্শনী শেষে জাতীয় নাট্যশালার প্রাঙ্গণে দাঁড়িয়ে ৩০ সেপ্টেম্বর এভাবেই বলছিলেন তিনি। এদিন ছিল নাটকটির বিশেষ ২৫তম প্রদর্শনী।পরদিন একই মিলনায়তন পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির আরও একটি প্রদর্শনী হয়। ২০১০ সালে বাংলাদেশে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী দেখে এ রকমই মন্তব্য করেছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। নাটকটি দেখার পর তাৎক্ষণিকভাবে তিনি বলেছিলেন, ‘সুঅভিনীত এবং একটা ভালো নাটক উপভোগ করলাম। দুই ঘণ্টার একটা নাটক স্থিরভাবে বসে দেখা যায়, তা এ নাটকটি দেখে বুঝতে পারলাম।’নাটকটির ২৫তম প্রদর্শনী পার করা প্রসঙ্গে সময়-এর প্রধান এবং নাটকটির নির্দেশক আকতারুজ্জামান বলেন, ‘আমরা নাটকটি নিয়ে প্রথম থেকেই দর্শকের সাড়া পাচ্ছি। এবং দর্শকের আগ্রহের কারণেই কিন্তু আমরা নাটকটি নিয়ে এত দূর আসতে পেরেছি। আমাদের দৃষ্টিভঙ্গি হলো নাটকটি দর্শক আরও বেশি বেশি দেখুক। এবং দেখার মধ্য দিয়ে আমাদের সমাজে নাটকটির বক্তব্য ছড়িয়ে যাক।’শেষ সংলাপ নাটকটির তৌফিক-উল হাকিমের মূল গল্প সুলতানুজ জান্নাম অবলম্বনে যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ২৫তম প্রদর্শনীর দিন ৩০ সেপ্টেম্বর পরীক্ষণ থিয়েটার হলের আঙ্গিনায় একটু অন্য রকমের পরিবেশ দেখা গেল। টিকিটঘরের সামনে বেশ জটলা। টিকিট সংগ্রহের জন্য দর্শকের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। তখনো নাটকটির মঞ্চায়ন শুরু হতে আধা ঘণ্টা বাকি। এরই মধ্যে টিকিট শেষ হয়ে গেছে। তার কিছুক্ষণের মধ্যে টিকিটঘরের মধ্য থেকে একজন জানালেন। এ কথা শুনে কয়েকজন দর্শক তো রীতিমতো রেগে গেলেন। তাঁদের একজন বললেন, ‘দেখুন তো ভাই, শখ করে শুক্রবারের ছুটির একটা দিন নাটক দেখতে এলাম। এখন দেখছি টিকিটই নেই। এখন কী করব।’ অবশ্য পরে টিকিট বিক্রির যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের একজন ওই কয়েকজন দর্শককে মিলনায়তনের পেছনে দাঁড়িয়ে নাটক দেখার ব্যবস্থা করে দিলেন। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মাত্র ৩০০ দর্শক বসে নাটক উপভোগ করতে পারেন। ঢাকার মঞ্চে যেসব ভালো ভালো নাটক মঞ্চস্থ হচ্ছে, এসব নাটকের প্রদর্শনী পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পড়লে আসন নিয়ে এ সমস্যায় প্রায়ই পড়তে হয়।নাটকটির প্রথম উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০০৯ সালের ২৮ ডিসেম্বর কলকাতার মিনার্ভা থিয়েটার হলে। বাংলাদেশে উদ্বোধন হয় ২০১০ সালের ২৩ জানুয়ারি। ২০১০ সালে কলকাতার একাডেমি মঞ্চেও নাটকটির বিশেষ প্রদর্শনী হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর বহরমপুরে আন্তর্জাতিক নাট্যমেলায় শেষ সংলাপ প্রদর্শিত হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ মাহমুদ, পাভেল ইসলাম, আরিফুজ্জামান, ঈশিতা চাকী, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম, আঁখি আফরোজ, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ প্রমুখ।