'শ্যুটার' নাকি 'রক্ত'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে নতুন ছবিগুলো নিয়ে দর্শকদের বাড়তি উচ্ছ্বাস। আজ খুলনার চারটি প্রেক্ষাগৃহের ঈদের ছবি নিয়ে থাকছে প্রতিবেদন

‘আমাগে হলের বিদ্যুৎ ফল করিসে।’ অন্ধকার একটা ঘরের ভেতর থেকে শুধু মাথাটুকু বের করে বললেন তপু খান। খালিশপুর চিত্রালী সিনেমা হলের ব্যবস্থাপক তিনি। ঈদের ছবি রক্ত দেখতে আসা দর্শকদের বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে চান না। সে জন্য নিজেই লেগে পড়েছেন বিদ্যুৎসংযোগ মেরামতের কাজে।

চিত্রালী সিনেমা হলের সামনে থেকে বুধবার তোলা ছবি
চিত্রালী সিনেমা হলের সামনে থেকে বুধবার তোলা ছবি

ঈদের দিন মঙ্গলবার বেশি দর্শক রক্ত দেখতে আসেননি ওই হলে। দিনের চারটি প্রদর্শনীর সংগৃহীত টাকার অঙ্কটাও জানিয়ে ছবিটির দর্শক প্রতিক্রিয়া নিয়ে ব্যবস্থাপক বললেন, ‘নায়কটাকে খুব একটা পছন্দ করতিসে না দর্শক। সবাই চায় শাকিব ভাইয়ের ছবি।’
আগামী বৃহস্পতিবার পর্যন্ত রক্ত চলার পর শুক্রবার থেকে ওই প্রেক্ষাগৃহে চালানো হবে ঈদে মুক্তি পাওয়া ছবি বসগিরি। তপু খান জানালেন, শাকিব খানের সঙ্গে কম করে হলেও ১০টি ছবিতে কাজ করেছেন তিনি। হলটির স্বত্বাধিকারী মো. কামাল হোসেন সাতক্ষীরা, গোপালগঞ্জ, ঢাকা ও খুলনায় প্রায় ২২টি প্রেক্ষাগৃহ পরিচালনা করেন।

নগরের সোসাইটি সিনেমা হলের সামনে থেকে বুধবার তোলা ছবি
নগরের সোসাইটি সিনেমা হলের সামনে থেকে বুধবার তোলা ছবি

হলে সাঁটা পোস্টারগুলো দেখে জানা গেল, সেখানে ‘চলিতেছে রক্ত’ এবং ‘আসিতেছে বসগিরি’। ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির দুটি চলছে নগরের চারটি সিনেমায়। অন্য ছবিটি চলবে এক সপ্তাহ পর থেকে। হলগুলো ঘুরে ছবি দুটির দর্শক প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছি আমরা। কোনটি দেখছেন খুলনার সিনেমাপ্রেমী দর্শক, শ্যুটার নাকি রক্ত?

সংগীতা
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা সিনেমা হলের প্রবেশমুখে পাওয়া গেল ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদকে। তাঁর হলে চলছে শাকিব খান ও বুবলির ছবি শু্যটার। ছবিটি নিয়ে তিনি হতাশ। বললেন, ‘লোক আসে না। অথচ কেলোর কীর্তি দেখার জন্য জায়গা দিতে পারিনি। এক একজন দর্শক পাঁচ-ছয়বারও দেখতে এসেছিলেন ওই ছবি। টানা তিন সপ্তাহ চালিয়েছি সেটা। ১০ দিন ধরে শু্যটার কীভাবে চালাব, সেটাই ভাবছি।’ জানালেন, ঈদের দিন থেকে পরদিন দর্শক আরও কম হয়েছে।
মহিউদ্দিন বললেন, ‘আমরা চাই হলগুলো বাঁচানোর স্বার্থে কলকাতার ছবি চলুক, যৌথ প্রযোজনার ছবি বাড়ুক।’ তাঁর মতে, ভারতীয় ছবি ও যৌথ প্রযোজনার ছবি চললে অভিনয়শিল্পী ও পরিচালকদের ভেতরে প্রতিযোগিতা তৈরি হবে, তাতে ভালো সিনেমা নির্মিত হবে।
সোসাইটি
এটি নগরের রুগ্ণ সিনেমা হলগুলোর একটি। যেকোনো সময় বন্ধও হয়ে যেতে পারে। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকা এ হলের নেই সংস্কার কিংবা যথাযথ ব্যবস্থাপনা। ঈদের দিন থেকে সেখানে চলছে শু্যটার ছবিটি। হলের ভেতরের থেকে বাইরের পরিবেশ তুলনামূলক পরিচ্ছন্ন। দেখভালের দায়িত্বে থাকা মো. নজরুল ইসলাম বললেন, ‘কত ভালো কাস্টিং, তবু লোক আসে না। আমাদের হলে টিকিটের দামও কম, মাত্র ৪০ থেকে ৫০ টাকা।’ বুধবার দুপুর ১২টায় দিনের প্রথম প্রদর্শনী চলাকালীন হলের নিচতলায় টর্চ লাইট ধরে দর্শকদের মাথাগুলো দেখিয়ে তিনি বললেন, ‘নিচে ৩২ আর ওপরে ২৪ জন দর্শক। ঈদের দিন তিন থেকে সাড়ে তিন শ দর্শক হয়েছে। দুই সপ্তাহ ছবি চলবে। এই অবস্থা হলে তো বিপদ।’

শঙ্খ
নগরের শঙ্খ সিনেমায় চলছে রক্ত ছবিটি। ঈদের দিন মোটামুটি হাজার খানেক দর্শক ছবিটি দেখেছেন। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন দর্শক বেশি ছিল। হলটির ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জানালেন, রক্ত বেশ ভালো চলছে। শিকারি ছবিটিও ভালো চলেছিল। তবে গত ২৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছিল বাদশা ছবিটি। অভাবনীয় ব্যবসা করেছে, ছবিটি দেখেছেন ঝাঁকে ঝাঁকে দর্শক। তিনি মনে করেন, বাজেট ও প্রচারণা বেশি থাকায় জাজ মাল্টিমিডিয়ার ছবির দর্শক বেশি। আর ভারতীয় ছবির ব্যাপারে তিনি বললেন, ‘মানুষ ডাউনলোড করে ভারতীয় ছবি ঠিকই দেখছে। তাহলে হলে এসে দেখতে বাধা কোথায়? বরং ভারতীয় ছবি এলে প্রতিযোগিতা তৈরি হবে, দেশে আরও ভালো ভালো ছবি তৈরি হবে।’