'সংবৃতা'র এক যুগে পদার্পণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র ১১ বছর পেরিয়ে এক যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে শুক্রবার সকালে বেলুন উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

টিএসসির মূল মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে আলোচনা, স্মৃতিচারণের পাশাপাশি একক-দ্বৈত-বৃন্দ আবৃত্তি, গান, নাচ, মূকাভিনয় পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আবৃত্তি প্রশিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রতন সিদ্দিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সভাপতি একেএম সামছুদ্দোহা বলেন,‘সংবৃতা বাংলাদেশে আবৃত্তির বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে যাবে’।
২৯ জুলাই ২০০৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৩১ জন আবৃত্তিপ্রেমীর সমন্বয়ে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। ‘দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা/রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা’—এই স্লোগান নিয়ে ক্রমবিকাশমান আবৃত্তিশিল্পের বিস্তারের জন্য বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, স্বরচর্চা ইত্যাকার বিষয়ে প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলন আয়োজনের করে প্রতিষ্ঠানটি।