
কাদায় মাখামাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরের রেইনট্রিতলা। মঞ্চে সবুজ সৈয়দ হক ছবি হয়ে হাসছিলেন। এই প্রাঙ্গণেই কয়েক দশক ধরে হয়ে আসছে কবিতার উৎসব। এই প্রথম সশরীরে নেই সৈয়দ হক। চিরবিদায়ের পর তাঁকে স্মরণ করতে জড়ো হয়েছিলেন তাঁর কবিতার স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার ছিল কবি সৈয়দ শামসুল হকের স্মরণসন্ধ্যা। স্মৃতিচারণ করেন নাট্যজন রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, গণসংগীতশিল্পী ফকির আলমগীর। উপস্থিত ছিলেন প্রয়াত কবির সহধর্মিণী ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক, মেয়ে বিদিতা সৈয়দ হক, রাজনীতিক সুভাষ সিংহ রায়, প্রকাশক ওসমান গনি, মাজহারুল ইসলাম প্রমুখ।
আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘কখনোই ভাবিনি আমাকে তাঁর স্মৃতিচারণ করতে হবে। তাঁর জীবনীশক্তি আমার চেয়েও বেশি ছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি লিখে গেছেন। “ভাবনার ডানা” নামে একটি নতুন সিরিজ শুরু করেছিলেন তিনি। শেষ দিকে যখন আর লিখতে পারছিলেন না, তখন অনুলিখন করাতেন। শেষ যোদ্ধা নামে একটি নাটকও লিখছিলেন। হাসপাতালে একটি গল্প লিখে আমাকে উৎসর্গ করেছিলেন। এখনো বুঝতে পারছি না যে তিনি আছেন নাকি নেই।’ রামেন্দু মজুমদার বলেন, ‘আমরা আশ্রয়হীন হয়ে গেলাম। সংশয়ে, বেদনায়, আনন্দে যাঁর কাছে যাওয়া যেত, আশার বাণী শোনা যেত, সেই মানুষটিকে আর পাব না।’ কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের পরের পুরোধা ব্যক্তিত্ব বুদ্ধদেব বসু এবং সৈয়দ শামসুল হক।’
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। প্রয়াত সৈয়দ হককে নিবেদিত কবিতা ও আলোচনার আগে রবীন্দ্রনাথের ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ গানটি করেন লিলি ইসলাম।