'সংস্কৃতির স্রোতোধারা আগের মতোই আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল ভারতের নাট্যদল কার্টেন কল মঞ্চায়ন করে পড়শি বসত করে l ছবি: সংগৃহীত
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল ভারতের নাট্যদল কার্টেন কল মঞ্চায়ন করে পড়শি বসত করে l ছবি: সংগৃহীত

এ দেশে সংস্কৃতির মূল স্রোতোধারা যেমন ছিল, এখনো তেমনটিই আছে বলে মনে করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। ধর্মের সঙ্গে সংস্কৃতির কোনো বিরোধ নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে ছায়ানট ভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলাপনে কথাগুলো বলেন তিনি।
এ বছর ছায়ানটের বর্ষবরণের আয়োজন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সারওয়ার আলী। তিনি বলেন, ‘আজ থেকে ৫০ বছর আগে পাকিস্তানের শাসকগোষ্ঠী আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানে। তখন কিছু সংস্কৃতিমনা মানুষ চেয়েছিলেন, বাঙালি যেন নিজেকে বাঙালি হিসেবে শনাক্ত করতে পারে। সে জন্য তারা একটি মিলনমেলার আয়োজন করে। সেই সূত্রে ১৯৬৭ সালে প্রথম রমনার বটমূলে নববর্ষের আয়োজন। ১৯৭১ সাল বাদে গত পঞ্চাশ বছর এটি হয়ে আসছে। তবে সে বছরও মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ও শরণার্থী শিবিরে উজ্জীবনী গান গেয়েছেন তাঁরা।’
ছায়ানটের এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘আনন্দ’। সংগঠনটি ৫০ বছর ধরে এমন একটি আয়োজন করে আসছে, সেটি নিঃসন্দেহে আনন্দের। এটি এখন সব ধর্মের বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষ আগের মতো এতে যোগ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ সংগীত, নৃত্য, চিত্রকলা ও সাহিত্য বিধর্মী আচরণ মনে করে না। সংস্কৃতির মূল স্রোতোধারা যেমন ছিল, তেমনটিই আছে। এ উৎসবের মধ্য দিয়ে বছরজুড়ে এ জাতি ধর্ম পরিচয় অক্ষুণ্ন রেখে বাঙালি হিসেবে নিজেকে শনাক্ত করতে পারবে।