প্রকাশিত হলো শিশুতোষ আনন্দবার্ষিকী সকালবেলার পাখি ও আজ আমাদের ছুটি। বই দুটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। নগরের ইস্কাটনে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানের শুরুতে ছিল নৃত্য পরিবেশনা। ‘এসো শ্যামল সুন্দর’ ও ‘শুকনো পাতার নূপুর বাজে’ গান দুটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর অতিথিরা বই দুটির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বর্তমানে শিশুদের যে পাঠ্যপুস্তক তা পড়ে তারা আনন্দ পায় না। পড়ালেখার চাপে তাদের জীবন থেকে আনন্দ দূরে চলে গেছে। তাদের খেলাধুলা করার জন্য মাঠও নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি মনের আনন্দ পেতে অন্যান্য বইও পড়ার আবকাশ নেই তাদের। এই অবস্থায় চন্দ্রাবতী একাডেমির বই দুটি শিশুদের আনন্দ দেবে।শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, এখন যান্ত্রিকতার যুগে বই পড়া অনেক কমে গেলেও বই কখনো হারিয়ে যাবে না। শিশুদের জন্য বেশি বেশি করে মানসম্পন্ন বই প্রকাশের প্রতি গুরুত্ব দেন তিনি।লেখক হায়াৎ মামুদ বলেন, আমাদের দেশে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। টেলিভিশনের প্রভাবে ছেলে-বুড়ো সবারই বইয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। বই পড়ায় যে মননের চর্চা হয় টেলিভিশন দেখে তা হওয়ার অবকাশ নেই। তাই তিনি শিশু-কিশোরদের বেশি বই পড়ার পরামর্শ দেন। অকালপ্রয়াত শিশুসাহিত্যিক আরিফ হাসানের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে বইয়ের অন্যতম পৃষ্ঠপোষক এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুসাহিত্যিক ফারুক হোসেন।চ্যানেল আই ১৪ বছরেবেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখবে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে চ্যানেল আই নাটক ও অনুষ্ঠানমালা আরও ব্যাপক পরিসরে নিয়ে যেতে কাজ চালিয়ে যাচ্ছে।চ্যানেলটির ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের (চ্যানেল আই) ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ১ অক্টোবর চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শনিবার তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের বহুমুখী কর্মতৎপরতার কথা তুলে ধরে বলা হয়, এটি এখন শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, খাদ্যনিরাপত্তা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, জনসচেতনতা সব ক্ষেত্রেই এর কাজের পরিধি ছড়িয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ বছরে পদার্পণ উপলক্ষে কাল সোমবার ৪০ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকায় চ্যানেল আইয়ের নিজস্ব ভবন প্রাঙ্গণ থেকে সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বেলা ১১টা পাঁচ মিনিট থেকে শুরু হবে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনা, যেটি চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার হবে। সন্ধ্যা সাতটায় কেক কাটা হবে।বাতিঘরের উদ্বোধননিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামের সৃজনশীল গ্রন্থবিপণি কেন্দ্র বাতিঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, পুঁজিবাদী সভ্যতা অর্থকে একমাত্র এগিয়ে যাবার শর্ত হিসেবে নির্ধারণ করছে। এই বিশাল আগ্রাসনের বিরুদ্ধে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের প্রেসক্লাব ভবনে বাতিঘর গ্রন্থবিপণির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ। কবি বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম, কবি সাংবাদিক আবুল মোমেন, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।