বাপ্পী। চলচ্চিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে তাঁর তিনটি চলচ্চিত্র। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র জটিল প্রেম।আমার প্রথম ছবি...আমার প্রথম ছবি ভালোবাসার রং। ছবিটি একই সঙ্গে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর মুক্তি পেয়েছে অন্যরকম ভালোবাসা। দুটি ছবিতেই আমার সঙ্গে ছিলেন মাহি। এ সপ্তাহে মুক্তি পেয়েছে শাহীন সুমন পরিচালিত জটিল প্রেম ছবিটি। এই ছবিতে আছেন আঁচল। প্রথম দুটি ব্যবসাসফল হয়েছে। এবারও ভালো কিছু আশা করছি।স্বপ্ন যখন চলচ্চিত্রে অভিনয়...চলচ্চিত্রে অভিনয় করব—এমন স্বপ্ন কখনোই দেখিনি। আমি নারায়ণগঞ্জের ছেলে। বাবা ব্যবসায়ী। বাবাকে দেখে আমারও স্বপ্ন ছিল ব্যবসায়ী হব। চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলাম যেভাবে... ২০০৮ সালের শেষের দিক। আমি তখন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ছাত্র। ছবি তোলার খুব শখ ছিল। আমার এক বন্ধুর উৎসাহে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ হয়। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তখন আমাকে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। প্রথম দিনের শুটিংয়ে...২০০৯ সালের শুরুর দিক। প্রথম সিনেমার শুটিং করব। জায়গাটা হলো সোনারগাঁ এলাকায় ভূঁইয়া গ্রাম। খুব সকালে বাসার সবাইকে হাঁটার কথা বলে বেরিয়ে যাই। মাঝপথে আমার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়ির ক্ষতি হলেও আমার কিছু হয়নি। কয়েক দিন পর বাসার সবাই আমার শুটিংয়ের ব্যাপারটি জেনে যায়। চলচ্চিত্রে আমার আদর্শ...একসময় সালমান শাহ্ আর মান্না ভাইয়ের প্রচুর ছবি দেখতাম। শাকিব ভাইয়ার ছবিও আমার খুবই পছন্দ। আর রাজ্জাক ও সোহেল রানা স্যার আমার কাছে সব সময় শিক্ষক। চলচ্চিত্রে তাঁরাই আমার আদর্শ। এই মুহূর্তে যা করছি...শাফিউদ্দিন সাফির প্রেম প্রেম পাগলামী এবং শাহীন সুমনের আমি তুমি ও সে ছবির কাজ করছি। শিগগিরই মুক্তি পাবে রাজু চৌধুরীর রোমিও।ইদানীং যে ছবিটি দেখে ভালো লেগেছে...মালেক আফসারীর মনের জ্বালা আর শাহীন সুমনের খোদার পরে মা।১০ বছর পর চলচ্চিত্রে নিজেকে যে অবস্থানে দেখতে চাই...ভালো মানের ছবিতে অভিনয় করতে চাই। ১০ বছর পর দর্শকেরা যেন হিরো হিসেবে আমাকে চেনেন, সেভাবেই এগিয়ে যেতে চাই। মনজুর কাদের