'সত্য বল সুপথে চল ওরে আমার মন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদা পারভীন। লালনের গানের বিশিষ্ট শিল্পী। লালনের গানের প্রচার ও প্রসারের জন্য ছয় বছর আগে তিনি গঠন করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’। আজ এই প্রতিষ্ঠানের প্রথম দুটি ব্যাচের ছাত্রছাত্রীদের অভিজ্ঞানপত্র দেওয়া হবে।

ফরিদা পারভীন
ফরিদা পারভীন

অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষা কার্যক্রম...
লালনের গান শেখানো আমাদের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে লালনের গানের বাণী আর সুর পৌঁছে দেওয়ার জন্য অচিন পাখি সংগীত একাডেমি গঠন করি। পাশাপাশি এখানে শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতও শেখানো হচ্ছে। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের শিল্পী তৈরির জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে বাঁশি শেখানো শুরু হয়েছে। শিগগিরই দোতারা, সারেঙ্গি, তবলা ও সেতার যুক্ত করব। এখানে তত্ত্বীয় ও ব্যবহারিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়।
আমাদের মূল মন্ত্র...
‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’। লালনের বাণী শুধু মুখস্থ নয়, পাশাপাশি আত্মস্থ করা এবং তাঁর বাণী অন্তরে ধারণ করা। তা না হলে লালন সাঁইজিকে চিনব কী করে?
আজকের অনুষ্ঠান...
অচিন পাখির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন আর এই স্কুলের প্রথম দুটি ব্যাচের ১৮ জন ছেলেমেয়েকে অভিজ্ঞান পত্র দেওয়ার জন্য অনুষ্ঠান আয়োজন করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশনা তো থাকবেই, পাশাপাশি আমি, গাজী আবদুল হাকিম (বাঁশি) আর অন্য শিক্ষকদের গানও থাকবে।
ফরিদা পারভীন ফাউন্ডেশন...
আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছে ফরিদা পারভীন ফাউন্ডেশন। এ মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে। এই প্রতিষ্ঠানের মূল কাজ হবে লালনের গানের স্বরলিপি তৈরি, আধুনিক প্রযুক্তিতে হারিয়ে যাওয়া লোকজ গানের সংরক্ষণ আর লালন সাঁইজিকে নিয়ে গবেষণা। অচিন পাখির কার্যক্রমও এই প্রতিষ্ঠানই পরিচালনা করবে।