
‘একটু চিন ডাউন করো। আরেকটু...না না আরেকটু আপ করো...ওকে ওকে...এইবার হইছে।’ পরিচালক ইফতেখার চৌধুরী মনিটরে বসে ববিকে এভাবে নির্দেশনা দিয়ে ক্যামেরার লোকেশন সাজিয়ে নিলেন। পরক্ষণেই বলে উঠলেন, ‘এবার যাই। কোয়াইট! থ্রি, টু, ওয়ান, জিরো...অ্যাকশন।’ ক্যামেরা চলছে। ববি রাস্তার পাশে পড়ে থাকা টাকাভর্তি একটি ব্যাগ হাতে তুলে নিলেন। তারপর ক্যামেরায় চোখ রেখে ব্যঙ্গ করে একটু হাসি দিয়ে বেরিয়ে গেলেন। ‘ওকে কাট...গুড ডান, ববি।’ বললেন পরিচালক।
এফডিসির ৪ নম্বর ফ্লোরের পাশের সরু গলিতে গিয়ে শুটিংয়ে এ দৃশ্য চোখে পড়ল।
দৃশ্যটি শেষ করেই ধারণ করা দৃশ্যটি কেমন হলো দেখার জন্য অস্থির ববি। দৌড়ে গিয়ে মনিটরের সামনে বসে গেলেন। দেখা শেষ করেই বলে উঠলেন ‘ওহ্! সত্যিকারের পকেটমারের মতোই লাগছে আমাকে।’ বলেই হা হা করে হাসলেন। পকেটমার? মনে মনে ভাবি। ঘটনা কী? পরিষ্কার করলেন পরিচালক। বললেন, ববি এখানে পকেটমার চরিত্রে অভিনয় করছেন। ছবির নাম অ্যাকশন জেসমিন। নামভূমিকায় অভিনয় করছেন ববি।
পরের দৃশ্যটি নেওয়া হবে ৩ নম্বর ফ্লোরের সামনের রাস্তায়। ইউনিটের সবাইকে তাগিদ দিয়ে ওদিকটায় হাঁটা ধরলেন পরিচালক। বেরিয়ে পড়ি আমরাও। চিত্রগ্রাহক সংস্থার দরজায় অনেক গণমাধ্যমকর্মীর জটলা। কার্যালয়ের ভেতরে ঢুকি। সংবাদ সম্মেলন চলছে। অ্যাকশন জেসমিন ছবির চিত্রগ্রাহক কাজী কাদেরের সঙ্গে ছবির পরিচালক ইফতেখার চৌধুরীর লাইটবিষয়ক কথা-কাটাকাটির একপর্যায়ে সেট থেকে চিত্রগ্রাহককে গালমন্দ করে বের করে দিয়েছেন পরিচালক। এমন অভিযোগে চিত্রগ্রাহক সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। অনুষ্ঠানে সংস্থার সভাপতি রেজা লতিফ তাঁর বক্তব্যে বলেন, এমন লজ্জাজনক ঘটনায় অভিযুক্ত পরিচালক ক্ষমা না চাওয়া পর্যন্ত সংস্থার কোনো চিত্রগ্রাহক, সহকারী—কেউই তাঁর সঙ্গে কাজ করবেন না।
২.
প্রধান রাস্তা ধরে হাঁটছি আমরা। মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের আঙিনায় শ খানেক লোকের জটলা। দূর থেকে দেখে এগোতে থাকি। বাসের ওপর কয়েকজন দাঁড়িয়ে দরজা বরাবর ক্যামেরা তাক করে আছেন। বাসটির পাশেই টিকিট কাউন্টার লেখা ঘরের সামনে দাঁড়িয়ে শাকিব খান। বাসের দরজা ও টিকিট কাউন্টারের মধ্যবর্তী পথে অপু বিশ্বাস। হঠাৎ কানে এল ‘অ্যাকশন’। অপু বিশ্বাস দৌড়ে গিয়ে বাসের দরজায় উঠতেই নিজেকে সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলেন। অমনি শাকিব খান দৌড়ে গিয়ে নিজের পিঠ অপুর পিঠে ঠেকিয়ে রক্ষা করলেন অপুকে। ‘আরও একবার নিতে হবে দৃশ্যটি। যার যার জায়গায় চলে যান।’
ভিড়ের মধ্যেই চোখ আটকে গেল। দেখি, একপাশে মনিটরে বসে দৃশ্যটি পুনরায় নেওয়ার জন্য তাগিদ দিচ্ছেন পরিচালক শাফি উদ্দীন শাফি।
অপু বিশ্বাসের সঙ্গে কথা বলতে চাইলে ৭ নম্বর ফ্লোরের গ্রিনরুমে যাওয়ার অনুরোধ করলেন তিনি। আমরাও হাঁটছি তাঁর সঙ্গে।
ঢাকার আকাশ কুয়াশায় ঢাকা। এবার শীত মনে হয় জোরেশোরেই নামবে।