‘সফর’ শেষে ফিরে গেলেন রাজেশ খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসে প্রথম ‘সুপারস্টার’ তকমা পাওয়া অভিনেতার নাম রাজেশ খান্না। ‘জিন্দেগি এক সফর’, ‘মেরে স্বপ্ন কি রানি’ কিংবা ‘রূপ তেরা মাস্তানা’র মতো গানগুলোতে স্বকীয়-সাবলীল স্টাইলে ভিন্নমাত্রিক উপস্থাপনার মাধ্যমে সিনেমাপ্রেমী অসংখ্য দর্শকের হূদয় কেড়ে নিয়েছিলেন যিনি, সেই রাজেশ খান্না ‘সফর’ শেষে ফিরে গেলেন রুপালি পর্দা আর বাস্তবের ধূলি-বসনের ওপারে। দীর্ঘদিন রোগে ভুগে আরোগ্যের প্রহসনে বাড়ি ফিরে যেন তাঁর সেই বিখ্যাত গ্রীবাভঙ্গির সঙ্গে অনিন্দ্য হাসিটি হেসেই চললেন শেষ যাত্রায়। ১৮ জুলাই বুধবার নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রখ্যাত এ অভিনেতা। মৃত্যুকালে রাজেশ খান্নার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়া, দুই মেয়ে রিঙ্কি ও টুইংকেল খান্না, জামাতা অক্ষয় কুমারসহ ঘনিষ্ঠ স্বজনেরা। আগামীকাল বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন রাজেশ খান্না। স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে বলিউডের প্রথম সারির তারকাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা। রাজেশ খান্না তাঁর বিখ্যাত হাসি দিয়েই জিতে নিয়েছিলেন অসংখ্য নারীভক্তের হূদয়। তাঁকে দেখে তাঁর নারীভক্তেরা মূর্ছা তো গেছেনই, কবজি কেটে রক্তে লেখা চিঠিও পাঠিয়েছেন। তাঁর চুলের ধরন কিংবা পোশাক নকল করত সেই সময়ের তরুণেরা। খ্যাতির শীর্ষবিন্দু স্পর্শ করলেও কখনো দাম্ভিকতা ভর করেনি তাঁর চরিত্রে। সদা বিনয়ী এবং হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে সবার সামনে হাজির হয়েছেন। সহকর্মী থেকে শুরু করে মুম্বাইয়ের টিনসেলের ছোট বড় সবার কাছেই প্রিয় ছিলেন ‘কাকা’। ভালোবেসে তাঁকে এ নামেই ডাকতেন বলিউডের সবাই। ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই প্রখ্যাত অভিনেতা। তাঁর নাম ছিল যতীন খান্না। পরবর্তী সময় নাম পালটে তিনি হয়ে যান রাজেশ খান্না। ডাকনাম ‘কাকা’ হিসেবেও অনেকের কাছে পরিচিত তিনি। শৈশবে তাঁর বাবা-মার আত্মীয়ের কাছে পালক সন্তান হিসেবে বেড়ে উঠেছেন। একটা সময়ে পালক বাবা-মার সঙ্গে মুম্বাই পাড়ি জমান। স্কুল এবং কলেজে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবি কাপুর যিনি পরবর্তী সময়ে বলিউডে প্রতিষ্ঠা পান জিতেন্দ্র নামে। শখের বশে থিয়েটারে কাজ করেছেন তরুণ রাজেশ খান্না। কলেজে পড়ার সময় বেশ কয়েকটি নাটকের প্রতিযোগিতায় পুরস্কারও জিতেছেন। ১৯৬৫ সালে ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট কনটেস্ট’ থেকে শিরোপা জেতেন ২২ বছর বয়সী রাজেশ খান্না। পরের বছরই চেতন আনন্দের ‘আখেরি খত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আরাধনা’ ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেন। মূলত এই ছবিটিই তাঁকে বলিউডের প্রথম ‘সুপারস্টার’ তকমা পাইয়ে দেয়। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরপর ১৫টি হিট ছবি উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘রোম্যান্টিক হিরো’খ্যাত রাজেশ খান্না। দীর্ঘ অভিনয় জীবনে ‘রাজ’, ‘দো রাস্তে’, ‘ইত্তেফাক’, ‘খামোশি’, ‘দ্য ট্রেন’, ‘হাতি মেরে সাথি’, ‘সাচ্চা ঝুটা’, ‘আন্দাজ’, ‘ছোটি বহু’, ‘গুড্ডি’, ‘দুশমন’, ‘অমর প্রেম’, ‘জরু কা গুলাম’, ‘মেরে জীবন সাথি’, ‘নিমক হারাম’, ‘হাম দোনো’সহ মোট ১৬৩টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ১০৬টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। সর্বশেষ ২০০৮ সালে ‘ওয়াফা: এ ডেডলি লাভ’ স্টোরি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন রাজেশ খান্না। ‘আনন্দ’ ছবিতে তাঁকে দেখা গেছে ক্যানসারে আক্রান্ত রোগী আনন্দের চরিত্রে। ‘বাবুর্চি’ ছবিতে রন্ধনশিল্পী, ‘অমর প্রেম’ ছবিতে নিঃসঙ্গ একজন স্বামী, ‘খামোশি’ ছবিতে মানসিক রোগী হিসেবে পর্দায় হাজির হয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে, প্রাইড অব দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এ শিল্পী। রাজনীতির মাঠেও বিচরণ করেছেন রাজেশ খান্না। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কংগ্রেসের হয়ে কাজ করেছেন তিনি। রাজেশ খান্না ব্যক্তিজীবনে স্বভাবে কিছুটা বোহেমিয়ানই ছিলেন। অভিনয়জীবনের শুরুর দিকে সাত বছর চুটিয়ে প্রেম করেছেন অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রর সঙ্গে। সহ-অভিনেত্রী মুমতাজ এবং টিনা মুনিমের সঙ্গে তাঁর প্রেমের গুজব চাউর হয়েছে বলিউডের মিডিয়াপাড়ায়। খ্যাতির শিখরে পৌঁছানোর পর ১৯৭৩ সালে তিনি বিয়ে করেন বয়সে ১৬ বছরের ছোট ‘ববি’খ্যাত বলিউডের অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে। ১১ বছর সংসার করার পর ১৯৮৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তবে জীবনের শেষ কয়েকটা দিন সার্বক্ষণিকভাবে ডিম্পলকে কাছে পেয়েছেন রাজেশ খান্না। অসুস্থ সঙ্গীকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে সেবা-শুশ্রূষার সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ডিম্পল কাপাডিয়া।রোগশয্যায় সার্বক্ষণিকভাবে পাশে পেয়েছিলেন বন্ধু-সঙ্গী ডিম্পল কাপাডিয়াকে। যেন হাসপাতাল থেকে বাড়িতে ফেরার অপেক্ষাতেই ছিলেন তিনি। লীলাবতী হাসপাতালের চিকিত্সকদের সুস্থতার ছাড়পত্র পেয়েই বাড়ি ফিরেছিলেন রাজেশ খান্না। আর বাড়ি ফিরে যেন সবাইকে আশ্বস্ত করেই তাঁর ‘জিন্দেগি এক সফর’ শেষ করলেন তিনি। পেছনে পড়ে রইল কীর্তি, পরিজন, রুপালি পর্দা; চিরকালের জন্য রেখে গেলেন ভারতীয় চলচ্চিত্রের শতাধিক কালজয়ী গানে অনিন্দ্য হাসির, বিখ্যাত গ্রীবাভঙ্গির চিরযুবা রাজেশ খান্নাকে।