'সব কটি নাটকের গল্পই ভালো ও আলাদা রকমের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর সাব্বির
মীর সাব্বির

মীর সাব্বির। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। পরিচালনাও করছেন। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক নীড় খোঁজে গাঙচিল।
ঈদের নাটক...
এবার অনেকগুলো নাটকেই অভিনয় করলাম। সব কটি নাটকের গল্পই বেশ ভালো, আলাদা রকমের। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় কাজ করে তৃপ্তি পেয়েছি। দর্শক নিশ্চয়ই উপভোগ করবেন নাটকগুলো। সালাহউদ্দিন লাভলুর তিনটি নাটকে অভিনয় করলাম। এ ছাড়া সাইদুল আনাম টুটুল, জাহিদ হাসান, সাজ্জাদ সুমন, নাজনীন হাসান চুমকি, বান্না, ফজলুর রহমান, সুমন আনোয়ার, রাজীব রসুল, মইনুল হোসেন খোকনসহ আরও অনেক পরিচালকের নাটকে অভিনয় করলাম।

নিজের পরিচালনায়...
কুদ্দুসের মুরগি-প্রেম, আলাল-দুলাল এবং পাঁচ পর্বের ধারাবাহিক বরিশালের পোলা কোটি টাকা তোলা পরিচালনা করলাম।
‘নীড় খোঁজে গাঙচিল’...
বছর দুয়েক আগে শুটিং করেছিলাম। শুরুটা বেশ ভালোই হয়েছিল। গল্পটি ভালো। মোহন খান আমার প্রিয় পরিচালকদের একজন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার।
অন্যান্য কাজ...
ঈদের পরে নোয়াশাল নামে একটি ধারাবাহিক পরিচালনা করতে যাচ্ছি, বাংলাভিশনে প্রচারিত হবে। নাটকটি নিয়ে আমি বেশ রোমাঞ্চিত। আশা করি, দর্শক মজার একটি নাটক দেখতে পাবেন।
গানের কথা...
খুব সুন্দর কিছু দেখে বা খুব কষ্ট পেলে অনেক সময় কাউকে বলতে পারি না। তখন সেই অনুভূতিগুলো গানের মাধ্যমে প্রকাশ করি। শেষ গান লিখেছিলাম সাভার ট্র্যাজেডি নিয়ে। খুব কষ্ট পেয়েছিলাম, তাই গানটি লিখে ফেলি। কিন্তু এখনো কোনো শিল্পীকে গাইতে দিইনি। এর আগে আমার কথায় গান গেয়েছেন সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, পলাশ, ইবরার টিপু, রিজিয়া পারভীনসহ আরও অনেকে। এ ছাড়া ১০টির মতো নাটকের সূচনা-সংগীতও লিখেছি।
মাহফুজ রহমান