শুভ। তাঁর একটি পরিচয়, তিনি ডি-রকস্টার। এরই মধ্যে কণ্ঠশিল্পী হিসেবে তৈরি করেছেন নিজের আলাদা পরিচিতি। গত শনিবার বাজারে এসেছে তাঁর তৃতীয় অ্যালবাম। নাম অনেক স্বপ্ন। প্রকাশ করেছে অগ্নিবীণা

‘অনেক স্বপ্ন’...
প্রথম দুটো অ্যালবামের জন্য শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। তাই তৃতীয় অ্যলবাম নিয়ে প্রত্যাশা আর স্বপ্ন, দুটোই অনেক বেশি। তাই তো অ্যালবামের নাম দিয়েছি অনেক স্বপ্ন।
আমার স্বপ্ন...
এ দেশে ব্যান্ড মিউজিকের অনেক বছর তো হলো। শ্রদ্ধেয় প্রবীণ শিল্পীরা আমাদের জন্য যে অবস্থান তৈরি করে দিয়েছেন, আমি সব সময় ভেবেছি সেটা কীভাবে আরেকটু এগিয়ে নেওয়া যায়। যদি আমাদের মাটির গান আর রক গানের মধ্যে একটা মিশ্রণ ঘটাতে পারি, তাহলে একটা নতুন ধারা তৈরি করতে পারব। সেই স্বপ্ন নিয়ে কাজ করছি।
অ্যালবামে যা থাকছে...
আবদুল আলীম আর নেত্রকোনার বাউল জালাল খাঁর দুটি গান করেছি। অ্যালবামে আমার স্ত্রী টুম্পা দুটো গান গেয়েছে। এ ছাড়া আমার নিজের গান তো থাকছেই। বেশির ভাগ গান কম্পোজ করেছে আমজাদ, কিছু গান আমিও কম্পোজ করেছি।
যে গানটার কথা আলাদা করে বলব...
‘এই শহরের গল্প’ নামে একটা গান আছে। আমার খুব প্রিয়। গানের কথাগুলো দারুণ। গানটা একটি ধারাবাহিক নাটকের শিরোনাম গান হিসেবে ব্যবহার হচ্ছে। নাটকের নাম জীবন থেকে নেয়া এই শহরের গল্প।
লিরিক নয়, গল্প...
অ্যালবামের কভারে সাধারণত গানের কথা (লিরিক) দেওয়া হয়। এবার তা না দিয়ে কভারে আমি প্রতিটা গানের পেছনের গল্পটা দিয়েছি। পেছনের গল্পটা জানা খুব জরুরি।
ডি-রকস্টার শুভ, আর আজকের শুভ...
যখন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, তখন তো অন্য শিল্পীদের গান গেয়েছি। এখন কিন্তু সবাই আমার গান দিয়েই আমাকে চেনে। আমার গানগুলো পছন্দ করছে। এটা আমার সৌভাগ্য।
মো. সাইফুল্লাহ