'সবাইকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেলু বড়ুয়া
শেলু বড়ুয়া

শেলু বড়ুয়া৷ সংগীতশিল্পী৷ আজ বুদ্ধপূর্ণিমা৷ এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি৷ কথা হলো তাঁর সঙ্গে৷
আপনাকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা৷
প্রথম আলোর সব পাঠককে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি৷ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন৷ হিংসা, হানাহানি, ক্রোধ—সব দূর হোক৷
আজ টিভি চ্যানেলগুলোর কোন কোন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন?
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সব কটি টিভি চ্যানেলেই বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়৷ আজ চানেল আইয়ে সন্ধ্যা ছয়টায় ‘আলোয় ভরে উঠুক বিশ্ব’, দেশ টিভিতে রাত পৌনে আটটায় ‘পূর্ণিমায় আড্ডা’ আর এনটিভিতে সন্ধ্যা সোয়া ছয়টায় ‘শুভ সন্ধ্যা’ অনুষ্ঠানে অংশ নেব৷ সব কটি অনুষ্ঠানেই গান করব৷
আজকের দিনটি কীভাবে উদ্যাপন করবেন?
সকালে আর সন্ধ্যায় বিহারে যাব৷ সেখানে বন্দনা হয়৷ উপহার দিই৷ সন্ধ্যায় বিহারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে৷ সেখানেও অংশ নেব৷ আত্মীয়স্বজন বাসায় বেড়াতে আসেন৷ আমরাও যাই৷ সামর্থ্য অনুযায়ী সবাই নতুন জামাকাপড় কেনেন৷ অন্যদের উপহার দিই৷ মা-বাবা, ভাইবোন, স্ত্রী, ছেলেমেয়ে সবাইকে নিয়ে আমরা দিনটি উদ্যাপন করি৷
খাবার?
এই দিনে মিষ্টিজাতীয় খাবার আর সবিজ-লুচি বেশি খাওয়া হয়৷ এখন অবশ্য অনেক কিছু বদলেছে৷ খাবারের তালিকায় অনেক কিছু যুক্ত হচ্ছে৷ ভালোই লাগে৷
এবার আপনার গানের অ্যালবামের কথা বলুন৷
আমার তৃতীয় অ্যালবামে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়েছি৷ এটি প্রকাশ করছে আমার বন্ধুরা৷ সব কাজ শেষ৷ আগামী মাসেই বের হবে৷
আর কোনো খবর?
কলকাতার তারা মিউজিক চ্যানেলে কয়েকবার গান গেয়েছি৷ ওই চ্যানেল থেকে আবার আমাকে আমন্ত্রণ জানিয়েছে৷ আগামী মাসে তারা মিউজিক চ্যানেলে গান করব৷ সামনে নজরুলজয়ন্তী৷ এই অনুষ্ঠানে নজরুলের গানই বেশি করব৷
বিনোদন প্রতিবেদক