
আজ শুভ বুদ্ধপূর্ণিমা। এ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। চ্যানেল আই বেলা দেড়টায় প্রচার করবে ‘আলোয় ভরে উঠুক বিশ্ব’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান...
বিশেষ দিবসগুলোতে আমরা চ্যানেল আইয়ে বৈঠকি আড্ডার আয়োজন করি। এবারও তেমনই একটি অনুষ্ঠান করছি। নাম ‘আলোয় ভরে উঠুক বিশ্ব’। অনুষ্ঠানে সেরা কণ্ঠের বৃষ্টি, নির্বাচিতা আর চৈতীর গান থাকবে। আরও থাকছেন শেলু বড়ুয়া।
আড্ডায় যে বিষয়গুলো উঠে এসেছে...
এবার আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। গৌতম বুদ্ধকে নিয়ে কথা বলেছি। গৌতম বুদ্ধ শান্তির কথা বলেছেন। তরুণ প্রজন্ম তাঁর দেখানো পথ কতটা অনুসরণ করছে, তা নিয়েও কথা হয়েছে।
বিশেষ দিবসগুলোতে আমার উপস্থিতি...
চ্যানেল আইয়ে বিশেষ দিবসগুলোতে অনেক বছর থেকেই আমাকে বিশেষ অনুষ্ঠান তৈরির দায়িত্ব দেওয়া হয়। নজরুলজয়ন্তী উপলক্ষে ২৪ মে রাতে একটি অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের শিল্পীরা গাইবেন নজরুলসংগীত।
প্রযোজক এবং পরিচালক হিসেবে অর্জন...
আমাদের ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তেকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলাম, এটা অনেক বড় পাওয়া। তিনি গত বছর নির্বাণ লাভ করেছেন। তাঁর জীবনের শেষ সাক্ষাৎকারটা আমি নিয়েছিলাম। সঙ্গে ছিল আমার ভাই ডালিম।
ছোটবেলায় বুদ্ধপূর্ণিমার দিনটা যেভাবে কাটত...
সকাল শুরু হতো প্রার্থনা দিয়ে। বাবা-মাকে প্রণাম করতাম। চেষ্টা করতাম অষ্টশীল রাখার। পরিবারের সবাই মিলে বাইরে কোথাও খাওয়ার পরিকল্পনা করতাম। সন্ধ্যায় মন্দিরে যেতাম। সেখানে সবার সঙ্গে দেখা হতো।
যাঁর উপস্থাপনা মুগ্ধ করে...
আমার উপস্থাপনার গুরু শাইখ সিরাজ। এ ছাড়া আফজাল হোসেন আর ইমদাদুল হক মিলনের উপস্থাপনা ভালো লাগে।
পাঠকদের বলতে চাই...
সবাইকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা।
মো. সাইফুল্লাহ