সানজিদা প্রীতি। মঞ্চ থেকে টেলিভিশন নাটকে, সম্প্রতি পা রেখেছেন চলচ্চিত্রের ভুবনেও। আজ বাংলাভিশনে তাঁকে দেখা যাবে বদরুল আনাম সৌদের লেখা ও নরেশ ভূঁইয়া পরিচালিত লঙ্গরখানা নাটকে।‘লঙ্গরখানা’ নাটকে আমার বিয়ের পর...নাটকটিতে আমি এক বুদ্ধিমতী মেয়ের চরিত্রে অভিনয় করছি। কিন্তু যে পরিবারে আমার বিয়ে হয়েছে, সেই পরিবারের পুরুষেরা বোকাসোকা ধরনের। এই বোকাসোকা শ্বশুর আর স্বামীকে মানিয়ে চলতে হচ্ছে আমাকে।উপন্যাসের যে চরিত্রের সঙ্গে আমার মিল আছে...তেমন কোনো মিল তো খুঁজে পাই না। তবে সমরেশ মজুমদারের গর্ভধারিণী পড়ে ‘জয়িতা’ চরিত্রটির মতো হতে চেয়েছি। এখনো মাঝেমধ্যে ইচ্ছে হয় তাঁর মতো হতে।মঞ্চনাটকের গুরু...মঞ্চনাটকে পথচলা শুরু হয়েছিল মোহাম্মদ সাইফুল ইসলামের হাত ধরে। ১৯৯৬ সালে তরঙ্গ ললিতকলা কেন্দ্রে অভিনয় করতাম। এরপর প্রাচ্যনাটের সঙ্গে যুক্ত হলাম ২০০২ সালে। এ বেলা আমার গুরু হলেন আজাদ আবুল কালাম।প্রিয় রং, প্রিয় পোশাক...প্রিয় রং সাদা-কালো-লাল-হলুদ-সবুজ—সবই। শাড়ি আমার পছন্দের পোশাক। পরে আরাম পাই জিনস আর টি-শার্ট।‘রান’ ছবির কাজ যত দূর এগোল...অল্প কিছু কাজ হয়েছে, অনেকটাই বাকি আছে। আমি বেশ রোমাঞ্চিত ছবিটির ব্যাপারে। সব্যসাচী চক্রবর্তী ও প্রিয়াংশু চ্যাটার্জির সঙ্গে অভিনয় করছি। ছবির পরিচালক আফসানা মিমি।অভিনয়শিল্পী হলাম, কারণ...ভালো লাগা থেকেই অভিনয়ে আসা। ছোটবেলা থেকে নাচ-গান করতাম। একসময় মনে হলো, এ সবই অভিনয়েও প্রয়োগ করা যায়। তাই অভিনয়শিল্পী হলাম। ছেলেবেলায় ফিরে গেলে যে কাজটি অবশ্যই করতাম...মা-বাবার বাধ্যগত সন্তান হওয়ার চেষ্টা করতাম। ছেলেবেলায় খুব বেশি বাধ্যগত ছিলাম না।কণ্ঠে যাঁর মধু আছে...সুবীর নন্দীর কণ্ঠে মধু আছে। এ ছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন আর শাহনাজ রহমতউল্লাহর গানও খুব ভালো লাগে।আমার যে গুণটির কারণে সবার কাছে বাহবা পাই...আমি কথা খুব কম বলি, এ কারণেই সবাই প্রশংসা করেন।এখন যা করছি...প্রজ্ঞা পারমিতা, ক্ষণিকালয়, লঙ্গরখানা ও এলেবেলে নাটকগুলোতে অভিনয় করছি। এ ছাড়া রান-এর কাজ তো চলছেই। মঞ্চেও অভিনয় করছি নিয়মিত।মাহফুজ রহমান