'সরকারি অনুদানের তিনটি ছবিতে কাজ করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া প্রাচী
রোকেয়া প্রাচী

রোকেয়া প্রাচী। অভিনয়শিল্পী। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে তাঁর অভিনীত ও পরিচালিত টেলিছবি আমিরুলের অপেক্ষায়।
আমিরুলের অপেক্ষায়...

টেলিছবিটির গল্প আমার। চিত্রনাট্য করেছি আমি ও সুলতান মাহমুদ। অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, আদৃতা, ত্বকি ও আমি।

টেলিছবির গল্প...

গল্পের প্রধান চরিত্র একটি মেয়ে, ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষক। তার বাবা মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ হন। একদিন ঢাকা থেকে একজন মুক্তিযুদ্ধ গবেষক তাকে একটি চিঠি পাঠান। মেয়েটির বাবাকে চেনেন তিনি। চিঠি নিয়ে ঢাকায় আসে মেয়েটি। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে মেয়েটি গবেষককে পায় না। পাশের বাসার আমিরুল জানান, গবেষকের প্রতিবেশী তিনি। এদিকে আমিরুল আবার মেয়েটিকে বাসায় রেখে বাইরে যান। তিনিও আর ফেরেন না।

আমার উপস্থাপনা...
একুশে টিভিতে ‘তবুও বাঁধন’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। প্রায় এক বছর হয়ে গেল অনুষ্ঠানটির বয়স। সামাজিক, পারিবারিক ও মানসিক—নানা সমস্যা ও সমাধান নিয়ে এই অনুষ্ঠান। প্রতি সপ্তাহে অনেক দর্শক ও বিশেষজ্ঞ থাকেন আমাদের সঙ্গে।
চলচ্চিত্র...
সরকারি অনুদান পাওয়া তিনটি ছবিতে কাজ করেছি। ছবিগুলো হলো মির্জা সাখাওয়াতের হরিজন, আশরাফ শিশিরের গাড়িওয়ালা ও সরওয়ার তমিজের তবুও চিঠি আসে।
নিজের অভিনয়, লেখা ও পরিচালনা...
তাহাদের অগল্প নামের একটি নাটক লিখছি, পরিচালনা করছেন সেলিম আহমেদ। অভিনয় করছি কয়েকজন তরুণ নির্মাতার সঙ্গে। আমি খুব অনুপ্রাণিত হই তরুণদের সঙ্গে কাজ করে। কারণ, তাঁরা খুব অল্প বাজেটে খুব চমৎকারভাবে নাটক নির্মাণ করছেন এবং নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
মাহফুজ রহমান