'সস্তা বিনোদনের জন্য গান করি না'

ক থো প ক থ ন: ফকির আলমগীর। গণসংগীতশিল্পী। সাভারের রানা প্লাজার মর্মান্তিক ঘটনা নিয়ে অ্যালবাম তৈরি করেছেন তিনি। নাম সাভার ট্র্যাজেডি। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর চ্যানেল আইয়ের কার্যালয়ে অ্যালবামটির মোড়ক খোলা হয়
‘সাভার ট্র্যাজেডি’...
বাংলাদেশের পোশাকশিল্পের সর্ববৃহৎ মানবিক বিপর্যয় সাভার ট্র্যাজেডি। ভয়াবহতম এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য সাভার ট্র্যাজেডি অ্যালবামের পরিকল্পনা করি। আর ঘটনার শততম দিনে অ্যালবামটি প্রকাশ করেছিলাম। অ্যালবামে গানের পাশাপাশি রয়েছে পাঠ। পাঠ করেছেন আসাদুজ্জামান নূর, আহকামউল্লাহ ও মাহিদুল ইসলাম।
গানের অ্যালবামে পাঠ...
গানের জন্য কেবল গান নয়। গানের নেপথ্যের গল্পগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি।
বিষয়ভিত্তিক গান...
আমি কখনো সস্তা বিনোদনের জন্য গান করিনি। দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা এবং মানবিক বিপর্যয় আমাকে সব সময় ভাবায়। আর তাই দেশের যেকোনো বিপর্যয়, অধিকার আদায়ে আমার কণ্ঠ সোচ্চার হয়েছে। বিষয়ভিত্তিক গান দিয়ে মানুষকে অধিকার-সচেতন করার চেষ্টা করেছি।
গণসংগীত ও আমার ভালোবাসা...
বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুথান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ স্বৈরাচারবিরোধী আন্দোলনেও গণসংগীত দারুণ ভূমিকা রেখেছে। বাংলাদেশে যখন বড় সংকট দেখা দিয়েছে, তখন গণসংগীত নানাভাবে ভূমিকা রেখেছে।
এ সময়ের যত কাজ...
সাভার ট্র্যাজেডি অ্যালবামের পর আরও দুটি অ্যালবামের কাজ শুরু করছি। এগুলোর একটি দেশাত্মবোধক গানের এবং অন্যটি বিভিন্ন সময় প্রকাশিত আমার অ্যালবামের গানগুলো থেকে বাছাই করা গান নিয়ে। দুটি অ্যালবামই প্রকাশ করবে বেঙ্গল মিউজিক।
ঋষিজ শিল্পীগোষ্ঠী...
আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। এর বাইরে ঋষিজ শিল্পীগোষ্ঠীর তত্ত্বাবধানে দুনিয়া কাঁপানো মানুষের বীরত্বগাথা নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করব।
বিনোদন প্রতিবেদক