'সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় গতকাল ভাষার মাসের প্রথম দিনে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পথনাট্যোৎসব। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ স্লোগানে এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উৎসবের ঘোষণা পাঠ করেন লাকী ইনাম।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
অনুষ্ঠানের উদ্বোধনীতে আলোচনার আগে জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। এরপরই শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। পরে বিদেশি শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় তাঁদের মাতৃভাষার গান, আমিনুল আশরাফের পরিকল্পনা ও নির্দেশনায় প্রতিবাদী নৃত্য ‘জাগো’ পরিবেশন করে মহাকাল নাট্যসম্প্রদায়, আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আহ্্কাম উল্লাহ এবং সবশেষে পরিবেশিত হয় অপেরার পরিবেশনায় সঞ্জীবন শিকদারের রচনা ও কাজী তৌফিকুল ইসলামের নির্দেশনায় পথনাটক কৈবল্য।