
বহুমুখী পরিবেশনশিল্পী সাশার জারিফ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি পড়ান। তিনি টরন্টোর সাশার জারিফ ড্যান্স থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক। নাচের সংগঠন সাধনার নতুন একটি নৃত্যনাট্যের কর্মশালা করাতে এ মাসে এসেছিলেন ঢাকায়। সমসাময়িক নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতি নিয়ে গবেষণার পাশাপাশি নাচ করেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বনানীর যাত্রাবিরতির ছাদঘরে সুফিবাদ ও সংস্কৃতির নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন রাসেল মাহ্মুদ।
কবিতা, সংগীত ও নৃত্য ছাড়া সুফিবাদের চর্চার পদ্ধতিটা কী?
সাশার জারিফ: আমি আসলে এ বিষয়ে বিশেষজ্ঞ নই। আমি ঠিক বলতে পারব না। আমি বিশ্বাস করি, ব্যাপারটা অন্য রকমও হতে পারে, সুফিবাদে প্রেমের মাধ্যমে বাস্তবতাকে খোঁজা হয়। এ জন্য কিছু মাধ্যমের দরকার হয়। সুফিরা বার্তা পৌঁছানোর বাহন হিসেবে কবিতার আশ্রয় নেন, আবেগ প্রকাশের জন্য সংগীত এবং সেসব অনুধাবনের জন্য নৃত্যের সাহায্য নেন। নৃত্য সব স্থান-কালকে বুঝতে সাহায্য করে। এ মাধ্যমগুলোকে যদিও আমরা ‘শিল্প’ বলি, কিন্তু এগুলো আমার কাছে জীবনযাপনের উপায়। আমি কিন্তু নৃত্যশিল্পী নই, একজন মানুষ। এসবের মধ্য দিয়েই নিজেকে খোঁজার, এগিয়ে নেওয়ার, বোঝার এবং বিকাশের চেষ্টা করে যাচ্ছি। আমি সুফিবাদ দ্বারা প্রভাবিত। আমি নতুন করে কোনো কিছু সৃষ্টি বা পুনর্নির্মাণ করছি না। অনুধাবনের চেষ্টায় নিজের অবস্থান খুঁজছি। মানুষ সংস্কৃতিসহ সবকিছুতে নতুনত্ব খোঁজে। কিন্তু তাঁর অতীতের কী অবস্থা? ধরা যাক আইফোন ছয় গেল, সাত এল, সাত গেল, আট এল। সবাই প্রতীক্ষা করছিল, কবে নয় আসবে। অথচ আমাদের আসলে ছয় নম্বরটাই ঠিকমতো ব্যবহার করা হয়নি। অর্থাৎ যেটা আমাদের ছিল, সেটাই আমরা ঠিকমতো যাপন বা উপভোগ করতে পারিনি। বুঝতে হবে, সমসাময়িকতা কী? অতীতকে অনুভব করার সময় নেই, আর আপনি ভবিষ্যৎকে চিৎকার করে আমন্ত্রণ করছেন। অথচ দুটোর মধ্যে একটি যোগসূত্র আছে। আপনার ঐতিহ্যকে সঙ্গে নিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহুরির একটি দারুণ কবিতা আছে। সেখানে বলা হচ্ছে, আমি চলছি, কেননা না চললে আমি বাঁচব না। সৈকতের কাছে জানতে চাওয়া হয়, কেন সারাক্ষণ তুমি আছড়ে পড়ছ? সৈকত বলছে, না চললে আমি বাঁচব না। সংস্কৃতিকেও সেভাবে চলতে চলতে কাঁধে করে নিয়ে যেতে হবে সামনের দিকে।
আপনি প্রেমের সাতটি স্তর নিয়ে কথা বলেছেন। কীভাবে প্রেমের স্তরগুলো চিহ্নিত করলেন? অন্যরা কীভাবে করতে পারে?
সাশার জারিফ: আমি সুফিবাদের চর্চা করি না। আমি শুধুই এতে মোহাবিষ্ট। এটা তো কোনো উপাধি বা পেশা নয়, এটা শুধুই একটা জীবনযাপন পদ্ধতি। কোনো না কোনোভাবে একে ভুলভাবে রোমান্টিসাইজ করা হয়েছে। আমি এখনো সেই পথ খুঁজে ফিরি। যত দূর জানি, যা কিছু বাস্তব, খুঁজে পাওয়া যাবে এই স্তরগুলোর মধ্য দিয়ে। যেমনটি আছে ‘দিলনাওয়াজ’ গল্পটির ভেতরে। এ গল্পটি নিয়ে একটি পূর্ণাঙ্গ নৃত্য প্রযোজনা করছি আমরা, জানেনই তো।
প্রেমের সেই স্তরগুলো পার হওয়ার একটি সহজ উদাহরণ দিতে বললে কীভাবে দেবেন?
সাশার জারিফ: যেমন ধরুন একটি তরুণ দম্পতি। তারা একে অন্যকে বিয়ে করল, ভালোবাসতে শুরু করার আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেল। কেন? কারণ তারা সঠিকভাবে একে অন্যের প্রেমে পড়তে পারেনি। তাদের একটি চক্রের মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে। এ চক্রটি হলো, আকর্ষণ, মায়া, প্রেম, বিশ্বাস, আরাধনা, তীব্র আকাঙ্ক্ষা এবং সব শেষে বিলীন হয়ে যাওয়া। জীবনের প্রতিটি বিষয়ে যদি কেউ প্রেমে পড়তে পারে এবং এ বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে পারে, তাহলেও সেটা অর্জন করতে পারবে। এ ছাড়া সেটা সম্ভব নয়। পেলেও সেটি হাতছাড়া হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো।
আপনার প্রেরণা যিনি, আপনার নানি, তাঁর সম্পর্কে একটু বলবেন?
সাশার জারিফ: আমি আমার নানির দ্বারা প্রভাবিত ও অনুপ্রাণিত হই। প্রায় ৯০ বছর বয়সী এই নারীকে আমি নাচতে এবং গাইতে দেখেছি। মেঝেতে বসে তিনি নাচ করতেন। তিনি আসলে আমার ভেতরে বীজ বুনে দিয়েছিলেন। আমার জন্ম হয় ইরানে। সেখান থেকে কানাডা চলে যেতে হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়ে শেষ করে সংস্কৃতি নিয়ে পড়ালেখা করি এবং পাশাপাশি পরিবেশনা ও আত্মপরিচয়ের খোঁজ শুরু করি। অবশ্যই একটি সৃষ্টিশীল উপায়ে।
এই অস্থির বিশ্বে সুফিবাদের চর্চা প্রভাব ফেলতে পারে?
সাশার জারিফ: সুফিবাদের মূল জিনিসটিই হচ্ছে বৈচিত্র্য। এটা একটা দারুণ ব্যাপার। আমরা সবকিছুকে একই রকম দেখতে চাই না। এখন সারা পৃথিবীকে বলা হচ্ছে, সহনশীল হও। আসলে সহনশীলতাটার ধারণাটি ঠিক নয়। সহ্য করো না বলে, বলতে হবে গ্রহণ করো। বলতে হবে, যা কিছু বৈচিত্র্যময়, গ্রহণ করো। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে সময়কে ধরা। রুমির কবিতা আমরা আজও বুঝি, কারণ সেগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য লেখা হয়নি। এখনকার বিশ্বকে বুঝতে হলে বৈচিত্র্য ও স্বাতন্ত্র্য জিনিসগুলোকে বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে।
সুফি সংগীত ও নৃত্যের সঙ্গে বাঙালির সংস্কৃতির মেলবন্ধন করা যায় কীভাবে?
সাশার জারিফ: সেটা ইতিমধ্যে হয়ে গেছে। আপনাদের লোকশিল্প সাহিত্যে, পরিবেশনশিল্পে সেসব কিন্তু রয়েছেই। আপনারা আপনাদের শরীর ও মননে সেসব বহন করছেন। পৃথিবীর সব ইসলামিক গোষ্ঠীর ভেতরেও সেসব আছে। এটা সংস্কৃতির একটি শক্তিশালী উপাদান, ইসলাম-পূর্ববর্তী শান্তির বার্তাগুলো এখনো বহন করছে ইসলামি সংস্কৃতি। অর্থাৎ, এই মুহূর্তে আমরা যা কিছু বহন করছি, সেগুলোর মধ্যে এর সবই আছে। আমাদের পরিচয়ের ভেতরেই সেগুলো বহমান, আমাদের উচিত সেগুলোকে শ্রদ্ধা করা।