‘সাঁইজিতে আছি সাঁইজিতে থাকব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ অক্টোবর (১ কার্তিক) কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে বসেছিল লালন উৎসব। এখানে গান গেয়েছিলেন দেশের খ্যাতনামা শিল্পীরা। শিল্পী ও বাউলদের অনুভূতি নিয়েই এই আয়োজনফরিদা পারভীনদীর্ঘ ছয় বছর পর সাঁইজির মাজারে গান গাইলাম। আমার ভক্তকুল দেখে আমি অভিভূত। এত মানুষ! সবাই আমার গান শোনার জন্য এসেছেন। প্রথম আলোতে সাক্ষাৎকার ছাপানোর পর থেকে অনেক জেলা থেকে লালনভক্তরা ছূটে এসেছেন। তাঁদের দেখে আমার চোখে জল চলে আসে। আমি কৃতজ্ঞ। কিছু দুষ্টু লোকের কারণে আমি সাঁইজির ধামে কয়েক বছর যাইনি। কিন্তু মানুষের এত ভালোবাসা দেখে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতিবছর সাঁইজির আচার-অনুষ্ঠানে যাব। মঞ্চে না উঠলেও পাশে কোনো জায়গায় গান করব। সাঁইজির মাজারের খাদেম আমাকে দেখে বললেন, ‘তুমি আসাতে সাঁইজির ঘর আলোকিত হলো।’আব্দুল করিম শাহসেই দশ বছর বয়স থেকে সাঁইজির বাণী আর গান নিয়ে আছি। দেশ-বিদেশের অনেক জায়গায় ঘুরেছি। গানে গানে প্রচার করেছি গুরুর ধ্যান-ধারণা। গান নিয়ে পাল্লা হয়েছে। সবার শীর্ষে থেকেছি। পেয়েছি অনেক সম্মান ও পুরস্কার। তাঁকে (সাঁইজি) নিয়ে আজ গবেষণা হচ্ছে। খুবই ভালো লাগে। সাঁইজির আখড়াবাড়িতে এবারের অনুষ্ঠানের উদ্বোধনী গান গাইতে পেরে ভালো লাগছে। বয়সের ভারে এখন আর আগের মতো গাইতে পারি না। তবে নিজের মনোবল এখনো হারাইনি। যত দিন বেঁচে আছি, সাঁইজির গান গেয়েই থাকব। মরণেও যেন অবিচল থাকি। আর সাঁইজির ধামে আসলে আত্মার মধ্যে এক অন্য রকম অনুভূতির সৃষ্টি হয়।শফি মণ্ডলআত্মার টানে, এক নাড়ির টানে ছুটে আসা। এই বাড়িতে আমার শিকড় আছে। ৪০ বছর ধরে এখানে আসি। এ এক অন্য রকম অনুভূতি। আমার যা কিছু অর্জন, পাওয়া, চেনা ও জানা—সবই সাঁইজির এই তীর্থস্থ্থান থেকে। তাই এখানে আমি না এসে থাকতে পারি না। আমার ছেলে-মেয়েরাও সাঁইজির গান গায়। তাঁর গানের মধ্যে অনেক সুখ ও জীবনের অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। তাই তো বারবার ছুটে আসা এই বাউল ধামে। এবার ধামে সাঁইজির একটা মুর‌্যাল তৈরি করা হয়েছে। তা দেখে আমি মুগ্ধ। সাঁইজিতে আছি, সাঁইজিতে থাকব। জয় হোক গুরু...রিংকুলালনের এই তিরোধান দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এটা একটা মহামিলন। সাঁইজির আখড়াবাড়ি এলে তাঁর বিভিন্ন বাণী সম্পর্কে বেশি বেশি জানতে পারি। নিজেকে হারিয়ে ফেলি। তা ছাড়া কালি নদীর পাড়ে রাত গভীরে যখন গান হয়, তখন যে অনুভূতি হয়, তা বুঝিয়ে বলতে পারব না। সাঁইজি যে পাড়ে বসে গান করেছেন, সেই পাড়ে আমি গান করছি—এটার যে আনন্দ বা সুখ, তা অন্য কোথাও কি পাওয়া যাবে?নহির শাহ‘আপনারে চিনতে পারলে যাবে আপনারে চেনা...’ সাঁইজির এ কথা জানতে গিয়ে জনম কেটে যাবে। আগে নিজেকে চিনতে হবে। সবচেয়ে বড় কথা, সাঁইজি আপন মায়ের ভাষায় বলে গেছেন ও গেয়েছেন। আমাদের তা বুঝে নিতে হবে। সাঁইজির মধ্যে থাকলে আনন্দ ছাড়া আর কিছুই থাকবে না। সাইজির ধাম মানে অনেক বড় কিছু। এটাই জগৎ, এটাই সংসার। সারা বছর এখানে থাকতে পারলে সাঁইজির ধূলিতেই থাকতাম।