‘সাইফিনা’র জন্য ব্র্যাড পিটের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত না হলেও বলিউডের বহুল আলোচিত তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুরের ঝুলে থাকা বিয়ে নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে সবার ভেতর। ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিয়ে নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি সাইফ-কারিনার বিয়ে নিয়ে কথা বলেছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট। তিনি এই জুটির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।বহুল আলোচিত হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চলছে বহু দিন ধরে। এই জুটির রসায়নে মুগ্ধ হয়ে অনেকে তাঁদের ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে ডাকেন। ঠিক তেমনি বলিউডের তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুরের বিয়ে নিয়ে অনেক দিন ধরেই তোলপাড় চলছে বলিউডপাড়ায়। ‘ব্র্যাঞ্জেলিনা’র মতোই সাইফ-কারিনা জুটিকে অনেকে ‘সাইফিনা’ বলে ডাকেন।সাইফ-কারিনার বিয়ে প্রসঙ্গে ব্র্যাড পিট বলেছেন, ‘তাঁরা যে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন, এটা জেনে অনেক ভালো লাগছে আমার। তাঁদের প্রতি শুভকামনা রইল। আমার প্রত্যাশা, তাঁদের সামনে সুখী ও সুন্দর একটি জীবন অপেক্ষা করছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।সাইফ-কারিনা জুটিকে ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির সঙ্গে তুলনা করা ঠিক হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্মিত হেসে পিট বলেন, ‘অবশ্যই জুটি হিসেবে তাঁরা চমত্কার। তাঁরা দুজনই দেখতে অনেক সুন্দর। আমি মনে করি, প্রতিটি প্রেমের সম্পর্কে নিজস্ব একটি ভাষা থাকে। কাজেই ভিন্ন দুটি জুটির মধ্যে তুলনা করা কতটা যুক্তিযুক্ত, সে বিষয়ে আমি ঠিক নিশ্চিত নই।’