‘সাকিবের ম্যাচিউরড অধিনায়কত্ব ভালো লেগেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের ৩৭০ রানের বিশাল সংগ্রহের বিপরীতে মোটামুটি লড়াই করেই হেরেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে জহির খান, হরভজন সিংদের বোলিংয়ের বিপরীতে তুলে নিয়েছে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।ম্যাচে হারলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াকু মানসিকতা মন জয় করতে পেরেছে দেশের সকলেরই।বিশিষ্ট অভিনেতা আলী যাকের ক্রিকেটের একজন নিবিষ্ট দর্শক। সবার মতো তিনিও গতকাল অনেক আশা নিয়েই বাংলাদেশ-ভারতের ম্যাচটি দেখতে বসেছিলেন। তাঁর মতে, ভারতের বিশাল রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে লড়েছেন তা খুবই তাত্পর্যপূর্ণ। এই লড়াই বাংলাদেশ দলকে আরো সংহত করবে বলে তিনি মনে করেন।ভারতীয় দল সম্পর্কে তিনি বলেন, ভারত খুবই শক্তিশালী দল। এই দলে রয়েছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানরা। আর এ কারণেই বাংলাদেশের বিপক্ষে একটি বিরাট স্কোর দাঁড় করাতে পেরেছে তাঁরা।আলী যাকের বলেন, আজ রোববার ইন্টারনেটে একজন প্রবাসী বাংলাদেশির একটি লেখা আমাকে বেশ আলোড়িত করেছে। তিনি লিখেছেন, বাংলাদেশ হেরেছে খারাপ লাগছে, তবে ৩৭০ বা এর চেয়ে বেশি রান অতিক্রম করে জেতার মত ক্ষমতা সম্পন্ন কোনো দলের এখনো পৃথিবীতে জন্ম হয়নি। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার খেলায় একবার সেটা হয়েছিল। সেটিকে উনি ‘কাকতালীয়’ মনে করছেন। এর আগে বা পরে এত বড় স্কোর তাড়া করে জেতার রেকর্ড নেই। সে জায়গায় বাংলাদেশ যে প্রত্যয়টি দেখিয়েছে তাতে এখন মনে হচ্ছে প্রথম রাউন্ডের পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ জিতবে।অধিনায়ক সাকিব আল হাসানের অধিনায়কত্বের প্রশংসা করে আলী যাকের বলেন, ‘আমার সবচেয়ে ভালো লেগেছে সাকিবের ম্যাচিউরড অধিনায়কত্ব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই সাকিব দক্ষতার পরিচয় দিয়েছে।’আলী যাকের বলেন, ‘অনেককেই কাল বলতে শোনা গেছে টসে জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাপারটা। আমার মনে হয়, সিদ্ধান্তটা আমাদের অধিনায়কের একক নয়। এটা পুরো দলের সিদ্ধান্ত। অনেক বিষয় চিন্তা করেই, কিন্তু এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলে মনে হয়। আরেকটা বিষয় বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে ২২০ থেকে ২৪০ করে আউট হয়ে যেত, তাহলে সে রান করতে ভারত বিনা উইকেটে অনায়সে করে ফেলত বলে মনে হয়। বিশেষ করে যেহেতু আমাদের বোলিং দিকটা অনেক বেশি দুর্বল তাই অনেক কিছু ভেবে-চিন্তে করা উচিত।’ গতকালের ম্যাচে মাশরাফির অনুপস্থিতি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এ বিষয়ে আলী যাকের বলেন, ‘মাশরাফি দলে থাকলে বা খেলতে পারলে কতটুকু কী করতে পারত, সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। আমি মনে করি, যে নেই তাঁকে নিয়ে হাহাকার করার তো কোনো মানে হয় না। নিঃসন্দেহে মাশরাফি বিশ্বের অনেক ভালো বোলারদের মধ্যে একজন।’কাল বাংলাদেশ দলে তিনজন সিমারের প্রয়োজন ছিল বলে মনে করে এই অভিনেতা। তিনি বলেন, ‘একটা সময় আমরা ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আকতার, গ্লেন ম্যাকগ্রাদের বিপক্ষে খেলতে গেলে নানা সমস্যায় পড়তাম। নানা রকম ভয়-ভীতিও কাজ করত। এখন সেটা কোনো ব্যাপারই না। এখন আমরা যে কাউকে তুলে তুলে মারতে পারি। এমনকি গতকাল মেরেছিও।’আলী যাকের ১৯৮৩ সালের বিশ্বকাপের প্রসঙ্গ তুলে বলেন, ‘আমার মনে আছে, ভারত যখন ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিল তখন কপিল দেবকে জিজ্ঞেস করা হয়েছিল সেই বিজয়ের গোপন রহস্যের ব্যাপারটি। উত্তরে তিনি নিজ দলের ফিল্ডিং ভালো করার ব্যাপারটি বলেছিলেন। বলেছিলেন, যে কোনো একদিন তোমাদের হয়তো কারও বোলিং খারাপ হতে পারে, কারও আবার ব্যাটিং খারাপ হতে পারে, কিন্তু কারও যদি ফিল্ডিং খারাপ হয়, তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। এবং সে বিশ্বকাপে ভারত কিন্তু ফিল্ডিং দিয়েই বিশ্বকাপকে ঘরে তুলেছিল তারা। তাই আমি বলব বাংলাদেশের ফিল্ডিংকে আরও শাণিত করতে হবে। বোলিং বিভাগকে আরও বেশি শক্তিশালী করতে হবে। ঠিক একই সময়ে ব্যাটিংটা নিয়ে আরও বেশি করে ভাবতে হবে।’