‘সাতকাহন’ নিয়ে ধারাবাহিক
‘সাতকাহন উপন্যাসটি নিয়ে ঢাকায় ধারাবাহিক তৈরি হবে—এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমি মনে করি, এ উপন্যাসের মূল পাঠক বাংলাদেশেই। কারণ, এর সবচেয়ে বেশি কপি বিক্রি হয়েছে এখানে। এই বইয়ের প্রতিটি চরিত্রকে এখানকার মানুষ যেন আপন করে নিয়েছে।’ বললেন উপন্যাসটির লেখক সমরেশ মজুমদার। ৪ মার্চ ঢাকায় এসেছিলেন তিনি। তখনই তাঁর সঙ্গে সাতকাহন উপন্যাস নিয়ে ধারাবাহিক তৈরির ব্যাপারে আলোচনা চূড়ান্ত করেন গোলাম সোহরাব। তিনি দোদুল নামেই সবার কাছে পরিচিত। ধারাবাহিকটি পরিচালনা করবেন তিনি। উপন্যাসের নামেই ধারাবাহিকটির নাম সাতকাহন। সমরেশ মজুমদার বললেন, ‘ষাটের দশকের মাঝামাঝি উপন্যাসটি লিখেছিলাম। পুরো কাহিনিই ভারতের জলপাইগুড়ির প্রেক্ষাপটে। ধারাবাহিকটির কাজ ওখানে হলে বেশি ভালো হবে।’দোদুল জানান, পুরোটা সম্ভব নয়। কারণ, খরচের একটা ব্যাপার আছে। তবে বেশির ভাগ অংশের কাজ হবে জলপাইগুড়ি আর শিলিগুড়িতে। এ ছাড়া উপন্যাসের আবহের সঙ্গে মিলে যায়—এ দেশের এমন কিছু জায়গায়ও কাজ হবে। যেমন ধামরাই, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর নাটকের ৩০টি চরিত্রে অভিনয় করবেন এ দেশের বিশিষ্ট শিল্পীরা। অন্যতম চরিত্র ‘দীপাবলি’ হচ্ছেন অপি করিম। ছোট কিছু চরিত্রে জলপাইগুড়ি ও শিলিগুড়ির স্থানীয় থিয়েটারের ছেলেমেয়েরা কাজ করবেন।নাটকটির প্রথম ১৩ পর্ব সমরেশ মজুমদার নিজেই লিখছেন। দোদুল বললেন, ‘নাটকটির দৈর্ঘ্য হবে প্রায় ২০০ পর্ব। আমি চাচ্ছি প্রথম দিকের গাঁথুনিটা তাঁকে দিয়েই করতে। ফলে একটা মান দাঁড়াবে। তাঁর লেখার সুর ধরে বাকিটা আমিই লিখব।’ নাটকটির শুটিং শুরু হবে মে মাসে।দীপাবলি চরিত্রের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল সমরেশ মজুমদারের কাছে—দীপাবলি তাঁর পরিচিত কোনো ব্যক্তি কি না। বললেন, ‘পাঠক ভাবছে দীপাবলিকে একজন ব্যক্তি। আমি বলব, না। অনেকগুলো সত্তাকে আমি দীপাবলির মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছি।’