'সারা জীবনই প্রেম করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক আহমেদ। জনপ্রিয় অভিনেতা। আজ তাঁকে দেখা যাবে ইটিভিতে পঞ্চ প্রেমিক ধারাবাহিকে।

‘পঞ্চ প্রেমিক’...
খুবই মজার একটি নাটক। পাঁচ প্রেমিককে নিয়ে নাটকের গল্প, যাদের মধ্যে আমি একজন। আমরা রীতিমতো ‘পেশাদার প্রেমিক’! আমাদের মধ্যে নতুন দলনেতা কে হবে, এই নিয়ে দ্বন্দ্ব। আরও বেশ মজার ঘটনা আছে।

বাস্তবের‘প্রেমিক ফারুক আহমেদ’...
আমি তো সারা জীবনই প্রেম করেছি! তবে বেশির ভাগ প্রেমই ছিল একতরফা। আমার স্ত্রীর সঙ্গেও সাত বছরের প্রেম ছিল, যে সাত বছরে ও আমাকে একেবারেই পাত্তা দেয়নি! ভাগ্যিস শেষে বিয়েটা করেছিল!

অভিনয়জীবনের গর্ব...
আমার একটা গর্বের জায়গা হলো ঢাকা থিয়েটার। অসংখ্য গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছি। নাট্যকার হিসেবে সেলিম আল দীনকে পেয়েছি। আরেকটা গর্বের জায়গা হলো হুমায়ূন আহমেদ। তাঁর নাটকে সবচেয়ে বেশি অভিনয় করেছি আমি।

হুমায়ূন আহমেদ এবং ফারুক আহমেদ...

হুমায়ূন ভাই আমাকে ভীষণ স্নেহ করতেন। যেকোনো নাটকেই আমার জন্য একটি চরিত্র ভেবে রাখতেন। নুহাশপল্লীতে তাঁর সঙ্গে অসাধারণ সব স্মৃতি আছে। প্রতিনিয়তই তাঁর কথা মনে পড়ে। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই তাঁর নাটকে কাজ করা হতো। থাক, এসব বললে খুব কষ্ট হয়...

‘তারা তিনজন’...

হুমায়ূন ভাই বেঁচে থাকলে অন্তত ৫০টি পর্ব যদি করা যেত, অন্য রকম একটা ব্যাপার হতো! এখনো রাস্তায় কেউ দেখলে বলেন, ‘আপনার সঙ্গে আর দুজন কই?’

‘ও বন্ধু লাল গোলাপি’ এবং কামড় প্রসঙ্গ...

আমার মেয়ে ফাইরুজ নাওয়ার আমার নাটক অত দেখে না। নাটকটি দেখে খুব মজা পেয়েছে। ফেসবুকে ‘ও বন্ধু লাল গোলাপি’ গানটির ভিডিও বন্ধুবান্ধবকে ট্যাগ করে লিখেছে, ‘দেখো, বাবা একটি মজার নাটক (অ্যাট এইটটিন) করেছে!’ মেয়ে যেহেতু পছন্দ করেছে, বুঝলাম সবাই বেশ মজা পেয়েছে।

নাটকের আরও খবর...

ঈদের জন্য একটি নাটক করলাম—জুতা। খুবই মজার গল্প। অনিমেষ আইচের পরিচালনায় দুটি নাটক করলাম—তুমি ও টক শো। পরিচালক রেদোয়ান রনি ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে কাজগুলোও বেশ ভালো হচ্ছে।

মো. সাইফুল্লাহ