'সারা পৃথিবীটাই ওদের দেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শঙ্খচিল’ ছবির একটি দৃশ্য
‘শঙ্খচিল’ ছবির একটি দৃশ্য

উচ্ছল এক কিশোরী বাবার কাছে জানতে চায়, ‘সুন্দরবনের বাঘ আর নদীর কুমির, কারা ওদের আর কারা আমাদের।’ বাবা বলেন, ‘ওদের তো নির্দিষ্ট কোনো দেশ নেই। সারা পৃথিবীটাই ওদের দেশ।’

সংলাপগুলো ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এক জনপদের গল্প নিয়ে খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ নির্মাণ করেছেন ‘শঙ্খচিল’ ছবিটি। ১৩ মার্চ ইউটিউবে অবমুক্ত করা হয় যৌথ প্রযোজনার এ ছবির ট্রেলার।

‘শঙ্খচিল’ ছবির ট্রেলারে দেখা গেছে, সীমান্তবর্তী একটি নদী ও সেখানকার এক ভূগোল শিক্ষকের পরিবারকে। সিনেমার বিভিন্ন দৃশ্যের সমন্বয়ে তিন মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে ছবির মূল গল্পের চুম্বক অংশ।

ছবির ট্রেলারে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংবাদের খোঁজে সংবাদকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময়, দেশ ছেড়ে যেতে না চাওয়া কিশোরীর আর্তি, দেশ ছেড়ে যাওয়ার মুহূর্তে বাড়ির উঠোনের প্রিয় গাছটিকে বুকে জড়িয়ে ধরা এক মুসলমান বৃদ্ধকে। ভূগোল শিক্ষক প্রসেনজিৎকে দীর্ঘশ্বাসের সঙ্গে বলতে শোনা যাবে, ‘নদী তুমি কার, হিন্দুর না মুসলমানের।’

‘শঙ্খচিল’ ছবিতে প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের কুসুম সিকদার, সাঁজবাতি, মামুনুর রশীদ, রোজী সিদ্দিকীসহ অনেকে।

ট্রেলারের শেষাংশে অন্নদাশঙ্কর রায়ের ‘তেলের শিশি ভাঙল বলে/খুকুর পরে রাগ করো/তোমরা যে সব বুড়ো খোকা/ভারত ভেঙে ভাগ করো/তার বেলা?’ পঙ্‌ক্তিগুলোও আওড়াতে শোনা যাবে প্রসেনজিৎকে।

আগামী ১৪ এপ্রিল, পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারত থেকে প্রযোজনা করছে এন আইডিয়াজ।

ট্রেলারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।