‘সালমানের বন্ধু’ শাহরুখের টুইট (ভিডিও)
বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই খান সালমান ও শাহরুখের দীর্ঘ পাঁচ বছরের বিবাদ মিটেছে। সম্প্রতি এক ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে বৈরী সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা। পুরোনো বন্ধুকে ফিরে পেয়ে টুইটারে এক বার্তা লিখেছেন শাহরুখ।শাহরুখ তাঁর টুইটে লিখেছেন, ‘দিনশেষে সবারই উপলব্ধি বইয়ের পাতা ওলটানোটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। পৃথিবীতে এর চেয়ে চমত্কার অনুভূতি আর হতে পারে না। অনেক কিছুই থাকে বইয়ের ভেতরে। কিন্তু বইয়ের একটি পাতায় আটকে থাকলে পুরো বইটির ঐশ্বর্য বোঝা যায় না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘এনডিটিভি’।কংগ্রেস নেতা বাবা সিদ্দিক ২১ জুলাই রোববার এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে সালমানের আগেই হাজির হয়ে খাবার টেবিলে বসেছিলেন শাহরুখ। সালমান সেখানে যাওয়ার পর শাহরুখের কাঁধে হাত রেখে বিবাদ মেটানোর উদ্যোগ নেন। শাহরুখও যেন এমনই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। উঠে দাঁড়িয়ে পুরোনো বন্ধুকে বুকে টেনে নেন তিনি। সালমান-শাহরুখের বিবাদের শুরু ২০০৮ সালের ১৬ জুলাই। ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে সালমান-শাহরুখের সে বাগবিতণ্ডা চরম আকার ধারণ করেছিল। এরপর থেকেই ঠান্ডা যুদ্ধের শুরু তাঁদের মধ্যে। পারতপক্ষে একে অপরের ছায়া মাড়াতেন না তাঁরা। প্রায়ই একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দিতেন। অবশেষে পাঁচ বছর পর জুলাই মাসেই তাঁদের তিক্ত সম্পর্কের বরফ গলল বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে। এ প্রসঙ্গে বাবা সিদ্দিক বলেন, ‘সালমান ও শাহরুখ আমার শৈশবের বন্ধু। তাঁরা নিজ উদ্যোগেই তাঁদের মধ্যে চলমান বিবাদ মিটিয়ে ফেলেছেন।’