‘সিং উইথ এমএলটিআর’ বিচারক শাফিন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি-রকস্টার, ‘ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কি’ ছাড়াও আরও দু-একটি রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় সংগীতশিল্পী ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ। এবারে আবারও বিচারকের আসনে বসলেন তিনি। সংগীত প্রতিভা বাছাইয়ের অনুষ্ঠান সিং উইথ এমএলটিআরের বিচারক হয়েছেন তিনি। তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য নাসিম আলী খান। বিশ্বখ্যাত ব্যান্ড মাইকেল লার্নস টু রকের সঙ্গে গাওয়ার সুযোগ পাবেন সিং উইথ এমএলটিআর বিজয়ী।এ প্রসঙ্গে শাফিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আন্তর্জাতিকমানের ব্যান্ড এমএলটিআরের সঙ্গে বাংলাদেশের একজন সংগীত প্রতিভা একসঙ্গে একই মঞ্চে গান করবে এটা আসলে বাংলাদেশের সংগীতজগতের জন্য অবিস্মরণীয় একটি মুহূর্ত।’ প্রতিযোগীদের সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে শাফিন আহমেদ বলেন, বিচারকাজ পরিচালনা করতে গিয়ে দেখেছি—নতুন হলেও প্রতিযোগীরা কিন্তু বেশ সম্ভাবনাময়। সবাই নতুন হলেও তাদের অনেকেই ভবিষ্যতে যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করেছিলাম, সিং উইথ এমএলটিআর প্রতিযোগিতায় বাংলাদেশের এ প্রজন্মের কিছু জনপ্রিয় ব্যান্ডও অংশ নেবে। যা হলে প্রতিযোগিতাটি ভিন্ন এক মাত্রা পেত। এ ছাড়া আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক খুশি হতাম।’পুরো আয়োজনটি সম্পর্কে শাফিন আহমেদ বলেন, ‘উদ্যোগটা ভিন্ন। পুরো আয়োজনের মধ্যে ইউনিক একটা ব্যাপার আছে বলেই আমার মনে হয়। আসলে বিশ্বখ্যাত ব্যান্ড এমএলটিআর বাজাবে আর বাংলাদেশি কোনো একজন শিল্পী গান করবে, এটা ভাবতেই অন্য রকম লাগছে।’জানা গেছে, পুরো আয়োজনে ৫০ জন প্রতিযোগীর মধ্য থেকে এরই মধ্যে বিচারকেরা ১০ জন সেরা শিল্পী বাছাই করেছেন। সামনে দেখা যাবে বাছাইকৃত সেরা ১০ জন শিল্পী থেকে সিং উইথ এমএলটিআর প্রতিযোগিতার জন্য সেরা পাঁচজন নির্বাচিত করা হবে। এরপর সেরা পাঁচজন শিল্পী মধ্য থেকে মাইকেল লার্নস টু রক বা এমএলটিআর একজন সংগীত প্রতিভা বাছাই করবে। যিনি আগামী ২১ জুন মাইকেল লার্নস টু রকের সামনে সংগীত পরিবেশন করবেন।