'সিনেমা ফাইভ'-এর আলাপচারিতায় অমিতাভ রেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব অর্থায়নে ও বিপণন-ব্যবস্থায় স্বাধীন চলচ্চিত্র নির্মাণের নতুন কর্মসূচি ‘সিনেমা ফাইভ’। এই কর্মসূচির প্রথম আলাপচারিতায় অতিথি বক্তা হিসেবে থাকবেন চলচ্চিত্রকার অমিতাভ রেজা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রথমবারের মতো এ আলাপচারিতা বসবে আজ ২৮ অক্টোবর।
আলাপচারিতার বিষয় ‘চলচ্চিত্রে গল্প বলা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’। প্রতি মাসে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘সিনেমা ফাইভ আলাপ’-এর আয়োজন করা হবে।
‘সিনেমা ফাইভ’ সম্পর্কে এই কর্মসূচির ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘সিনেমা ফাইভ’ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র-নির্মাতাদের নিজস্ব চলচ্চিত্র নির্মাণ ও বিপণনের সম্মিলিত প্ল্যাটফর্ম। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং নিজেরাও তাতে অংশ নিয়ে নিজস্ব চলচ্চিত্র নির্মাণের পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য।
চলচ্চিত্র নির্মাণের জন্য ‘সিনেমা ফাইভ’ গণমানুষের কাছে যাবে। চলচ্চিত্র তৈরির অর্থ জোগাতে ৫০০ জন অংশগ্রহণকারীর কাছ থেকে ১ হাজার টাকা করে নেওয়া হবে। প্রথম বছর ‘সিনেমা ফাইভ’ পাঁচটি স্বল্পদৈর্ঘ্য কাহিনি/প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করবে। যাঁরা ১ হাজার টাকা করে দেবেন, তাঁরা এই চলচ্চিত্রগুলোর যৌথ প্রযোজক হিসেবে সম্মানিত হবেন। চলচ্চিত্রগুলো প্রদর্শন করার মাধ্যমে প্রাপ্ত আয় থেকে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিনিয়োগ করা অর্থ বিনা লভ্যাংশে ফেরত দেওয়া হবে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন বলেন, বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে শক্তিশালী করতে ও সর্বস্তরে ছড়িয়ে দিতে শুধু নির্মাণই নয়, চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক ব্যাপক বিস্তৃত আলোচনার প্রয়োজন। ‘সিনেমা ফাইভ’ আলাপচারিতায় চলচ্চিত্র-সংস্কৃতির বিভিন্ন বিষয় উঠে আসবে।