'সীমানা পেরিয়ে' আলিফ

২০১১ সালে প্রকাশিত হয় গায়িকা আলিফ আলাউদ্দীনের সর্বশেষ একক গানের অ্যালবাম ‘কল্পনাতে’। এবার আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। তবে পুরো অ্যালবাম নিয়ে নয়। শ্রোতাদের কথা চিন্তা করেই ৩১ মার্চ নতুন একটি মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‘সীমানা পেরিয়ে’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল। ডিজিটাল রেকর্ড লেবেলে মাশরুম এন্টারটেইনমেন্টে আলিফ আলাউদ্দীনের গানটি প্রকাশিত হবে বলে প্রথম আলোকে জানান তিনি।
আলিফ বলেন, ‘একসঙ্গে কয়েকটা গান প্রকাশ না করে একটি গান নিয়ে কাজ করলে মনোযোগটা থাকে বেশি।’
অনলাইনে গান প্রকাশ প্রসঙ্গে আলিফ বলেন, ‘এই প্রক্রিয়ায় গান প্রকাশের ক্ষেত্রে গানটির স্বত্ব নিজের মধ্যে থাকে, যা অ্যালবাম আকারে প্রকাশ করলে আজকাল পাওয়া যায় না। তবে পুরো একটি অ্যালবাম করার কথাও ভাবছি, যা হয়তো সামনে প্রকাশ করব। আর পূর্ণাঙ্গ অ্যালবামটি অনলাইনের পাশাপাশি সিডি আকারেও প্রকাশ করা হবে।’
সীমানা পেরিয়ে গানটি প্রসঙ্গে আলিফ বলেন, ‘একটি লোক ঘরানার গান। তবে গানটির মধ্যে রক ফ্লেভারও থাকছে।’
মাশরুম এন্টারটেইনমেন্ট (www.mushroomentertainment.com) আন্তর্জাতিক সংগীত সম্প্রচার সেবাদাতা প্রতিষ্ঠান আই টিউনস, আমাজনস, রেডিও স্পটিফাই ও ইউটিউবে দেশীয় শিল্পীদের গান সরবরাহ করে।