‘সুনীল-বরুনা’র পর ‘অন্য রকম’
‘তুমি বরুনা হলে, হব আমি সুনীল’। বছর তিনেক আগে গানটি ছিল দারুণ জনপ্রিয়। এ গানটি দিয়েই ক্লোজআপ ওয়ান তারকা মাহাদী উঠে আসেন জনপ্রিয়তার কাতারে। ২০০৭ সালে বের হয় মাহাদীর প্রথম একক অ্যালবাম বন্দনা। ওই অ্যালবামেই আছে গানটি।এবার ‘সুনীল-বরুনা’ গানটির নতুন পর্ব নিয়ে আসছেন মাহাদী। গানটির শিরোনাম ‘অন্য রকম’। মাহাদী বললেন, ‘সুনীল-বরুনা’ গানে একটা গল্প ছিল। সেই গল্পের রেশ ধরেই ‘অন্য রকম’ গানটি তৈরি হয়েছে।জানালেন, এখন তিনি নিজের দ্বিতীয় একক অ্যালবামের কাজ করছেন। গানের নামেই রাখছেন অ্যালবামের নাম, অন্য রকম। মাহাদী জানান, প্রথমটির মতো নতুন অ্যালবামটিরও সব কটি গান লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করছেন পৃথ্বীরাজ।মাহাদী বললেন, ‘মুম্বাইয়ে শব্দ প্রকৌশলী ও সহকারী সংগীত পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে পৃথ্বীরাজের। একটু অন্য রকম অ্যালবাম শ্রোতাদের উপহার দেওয়ার জন্যই পৃথ্বীরাজের সঙ্গে কাজ করছি।’ অন্য রকম অ্যালবামটি এবার ঈদেই বাজারে আসবে।