
বাঙালি মুসলিম সমাজে তিনিই প্রথম মুসলমান নৃত্যশিল্পী। তাঁর সময়ে এই বাংলা ছিল নাচের জন্য প্রতিকূল। নাট্যাচার্য বুলবুল চৌধুরী এরই মধ্যে এদেশীয় নৃত্যে রেখে গেছেন অসামান্য অবদান। আর তাঁর নেপথ্যে যে মানুষটির অবদান ছিল সবচেয়ে বেশি, তিনি বুলবুল চৌধুরীর স্ত্রী আফরোজা বুলবুল। নৃত্যাচার্যের সঙ্গে পরিচয়ের আগে থেকে শুরু হয় তাঁর নৃত্যচর্চা। বইটিও শুরু সে সময় থেকেই। এরপর তাঁর সঙ্গে আলাপ, পরিচয়, কাজের সূত্রে একাকার হওয়া, প্রেম-পরিণয়—কিছুই বাদ যায়নি। সেসব নিয়েই আফরোজা লিখছিলেন একটি স্মৃতিকথার বই। কিন্তু শেষ করার আগেই ১৯৯০ সালে তিনি মারা যান। অসমাপ্ত বইটি লিখে শেষ করলেন তাঁর মেয়ে নার্গিস বুলবুল।
গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে অ্যাডর্ন পাবলিকেশন্স প্রকাশিত আফরোজা বুলবুলের স্মৃতিকথামূলক সুন্দর এই পৃথিবী আমার বইটির মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নৃত্যশিল্পী আমানুল হক, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, নৃত্যশিল্পী লায়লা হাসান, মিনু হক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
অনুষ্ঠানের শুরুতে বইটির ভূমিকা ও লেখকের পরিচয় পড়ে শোনান জয়শ্রী সরকার। শুভেচ্ছা বক্তব্যে মাহফুজ আনাম বলেন, মাত্র ৩৫ বছর বয়সে তিনি যা দিয়ে গেছেন, বাংলার নৃত্যাঙ্গনে সেগুলোর প্রভাব রয়েছে।
আমানুল হক বলেন, ‘সরাসরি বুলবুল চৌধুরীর নাচ দেখার এবং আফরোজা বুলবুলের কাছে খুব সংক্ষিপ্ত সময়ে নাচে তালিম নেওয়ার অভিজ্ঞতা হয়েছিল। আজ আমার যে পরিচিতি, তার পেছনে রয়েছে তাঁদের অনুপ্রেরণা।’ কামাল লোহানী বলেন, ‘বুলবুলের নৃত্য সংরক্ষণের জন্য সরকার কিছু অর্থ বরাদ্দ করেছিল। তৎকালীন শিল্পকলার কর্তাব্যক্তিদের উদাসীনতার কারণে সেটি আর হয়ে ওঠেনি। বুলবুল একাডেমিকে আজকের দুরবস্থা থেকে বের করে আনার দায়িত্ব সরকারের।’
মুস্তাফা মনোয়ার বলেন, দুঃখকে বাদ দিয়ে শিল্পকলা হয় না। তাই আফরোজা বুলবুলের বইজুড়ে দুঃখের ভাগ বেশি।
নার্গিস বুলবুল বললেন, বইটি পড়লে কোনো নারী চোখের পানি আটকে রাখতে পারবেন না।
আনিসুজ্জামান বলেন, ‘নতুন প্রজন্ম শুধু এতটুকুই জানে, বুলবুল চৌধুরী একজন প্রতিভাবান শিল্পী ছিলেন। এই বই থেকে তাঁর সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে। বইটিতে আমাদের সাংস্কৃতিক ইতিহাস রচনার উপাদান রয়েছে।’
দ্য ডেইলি স্টার ও অ্যাডর্ন আয়োজিত এই অনুষ্ঠানে বুলবুলকে নিবেদন করে ‘পথিকৃৎ’ শিরোনামে একটি ড্যান্স কোরিওগ্রাফি পরিবেশন করেন পূজা সেনগুপ্ত। এ ছাড়া ‘বসন্ত’ নামে একটি দলীয় নাচ পরিবেশন করেন বুলবুল ললিতকলা একাডেমির শিল্পীরা।