'সুন্দর করে কথা বলতেন নরেন'

অধ্যাপক নরেন বিশ্বাসের মৃত্যুদিনের এক দিন আগে কণ্ঠশীলন দিল এবারের নরেন বিশ্বাস পদক। পদক পেলেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুন, নরেন বিশ্বাসের কনিষ্ঠ কন্যা নন্দিনীও ছিলেন মঞ্চে। ১৯৮৩ সালে অধ্যাপক নরেন বিশ্বাস, ওয়াহিদুল হক ও বিপ্লব বালা মিলে গড়ে তুলেছিলেন কণ্ঠশীলন।
সন্জীদা খাতুন বললেন, ‘আমরা দেখেছি কীভাবে নিতান্ত ব্যক্তিগত আলাপেও সুন্দর করে কথা বলতেন নরেন, চিন্তার বিনিময় করতেন। তাঁর ইতিহাসচেতনা ছিল অসাধারণ।’ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্বর ও সুর হলো ভাষার প্রাণ। শব্দ যে তার অর্থের চাইতে কম গুরুত্বপূর্ণ নয়, এটা আমরা নরেনের কাছ থেকে শিখেছি। আজকে ভাষা বিকৃত হচ্ছে। এই বিকৃতির বিরুদ্ধে নরেনের কাজ খুব গুরুত্বপূর্ণ। মাতৃভাষার এই যে অবস্থা, এর আসল শত্রু হলো পুঁজিবাদ। পুঁজিবাদ সবকিছুকেই পণ্য বানাতে চায়। ভাষাও রেহাই পায় না তার কাছ থেকে।’
নন্দিনী বললেন, ‘সবাই তাঁকে শিক্ষক হিসেবে জানেন। তিনি তো আমার বাবা। কিন্তু বাবা কখন যে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, আমি নিজেও জানতে পারিনি।’
বক্তারা নাসির উদ্দীন ইউসুফকে অভিনন্দন জানালেন। নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘দেশি-বিদেশি যত পুরস্কার পেয়েছি, নিঃসন্দেহে এ পুরস্কার শ্রেষ্ঠের কাতারে থাকবে।’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কণ্ঠশীলনের শিল্পীদের আবৃত্তি পরিবেশনা।