‘সুন্দর’-এর স্বাধীনতা চাইলেন পল ম্যাকার্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর ধরে আটকে রাখা ‘সুন্দর’ নামের একটি হাতিকে মুক্ত করে দেওয়ার জন্য সম্প্রতি ভারতের বনমন্ত্রী পতঙ্গরাও কদমের প্রতি অনুরোধ জানিয়েছেন বিটলস তারকা স্যার পল ম্যাকার্টনি। একই অনুরোধ জানিয়েছেন নিউজিল্যান্ডের বর্ষীয়ান অভিনেত্রী পামেলা স্টিফেনসনও।ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটি মন্দিরের ছাউনিতে সাত বছর ধরে সুন্দর নামের এ হাতিটিকে একাকী বন্দী করে রাখা হয়েছে। বিষয়টি জানার পর ১৩ বছর বয়সী সুন্দরকে মুক্ত করার উদ্যোগ নেন ম্যাকার্টনি। তাঁর অনুরোধের পর সুন্দরকে মুক্ত করে দিতে রাজি হয়েছেন বনমন্ত্রী কদম। হাতিটিকে সেখান থেকে উদ্ধার করে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে যুক্তরাজ্যের দ্য সান।হাতিটির বন্দিদশা সম্পর্কে জানার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন ম্যাকার্টনি। এক বার্তায় তিনি লেখেন, ‘আমি ছবিতে সুন্দরের অসহায় অবস্থা দেখেছি। তাকে শিকল দিয়ে একাকী বন্দী করে রাখা হয়েছে। এভাবে তার জীবনের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। কোনো প্রাণীকে এভাবে হেনস্তা করা মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। এ মুহূর্তে সুন্দরকে মুক্ত করে দিতে হবে।’এদিকে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে মিমি বেখেচি জানিয়েছেন, ‘সুন্দরকে মুক্ত করে দিতে রাজি হওয়ায় আমরা বনমন্ত্রী কদমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’