‘সুর-ক্ষেত্র’ বন্ধের হুমকি দিল এমএনএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত এবং পাকিস্তানের প্রতিযোগীদের নিয়ে সংগীতপ্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘সুর-ক্ষেত্র’ প্রচার না করার জন্য সম্প্রতি টিভি চ্যানেলগুলোকে হুমকি দিয়েছে মহারাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। ৮ সেপ্টেম্বর থেকে সাহারা ওয়ান এবং কালারস টিভিতে শুরু হতে যাচ্ছে ‘সুর-ক্ষেত্র’। অনুষ্ঠানটির বিচারকের দায়িত্বে আছেন ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের প্রখ্যাত তিন সংগীতশিল্পী আশা ভোঁশলে, রুনা লায়লা ও আবিদা পারভীন। কিন্তু অনুষ্ঠানটি শুরুর আগেই এর প্রচার বন্ধের হুমকি দিল এমএনএস। প্রচার বন্ধ না করলে অনুষ্ঠানটির শুটিং পণ্ড করে দেওয়ারও হুমকি দিয়েছে এমএনএস। সম্প্রতি এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ। এ প্রসঙ্গে এমএনএসের অঙ্গদল মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপট কর্মচারী সেনার প্রেসিডেন্ট অমি খোপকার বলেছেন, ‘কালারস এবং সাহারা ওয়ান টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতভাবে ‘সুর-ক্ষেত্র’ অনুষ্ঠানটি প্রচার না করার জন্য বলেছি। অন্যথায় অনুষ্ঠানটির শুটিং সিডিউল পণ্ড করে দেওয়া হবে। টিআরপি বাড়ানোর লোভে এবং বিতর্ক তৈরির অভিপ্রায়ে যেসব টিভি চ্যানেল পাকিস্তানি সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছে, সেসব টিভি চ্যানেলের ঘোরবিরোধী আমরা।’অমি খোপকার আরও বলেন, ‘আমরা আশা ভোঁশলের কাছেও এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছি। তাঁর মতো অনুকরণীয় একজন ভারতীয় শিল্পীর কোনো অবস্থাতেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে এক মঞ্চে দাঁড়ানো উচিত হবে না।’ এদিকে এই ঘটনায় আশা ভোঁশলে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমার জন্ম মহারাষ্ট্রে। এ জন্য আমি গর্বিত। “অতিথি ঈশ্বর সমতুল্য”—আমি এই নীতিতে বিশ্বাসী। রাজনীতি আমি পছন্দ করি না, বুঝিও না। কিন্তু মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রতিষ্ঠাতা রাজ ঠাকরেকে অনেক শ্রদ্ধা করি। তিনি আমার সম্পর্কে যা-ই ভাবুন না কেন, এখনো তাঁকে আমি অনেক পছন্দ করি।’ আশা আরও বলেন, ‘সর্বোপরি আমি একজন সংগীতশিল্পী। আমার কাছে সংগীতের ভাষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এ ভাষাটিই আমি সবচেয়ে ভালো বুঝতে পারি।’