'সুরগাঁও'-এ আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরগঁাওয়ের অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে ​ি​দচ্ছেন মাসুম রেজা (ডানে)। ছবি: সুমন ইউসুফ
সুরগঁাওয়ের অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে ​ি​দচ্ছেন মাসুম রেজা (ডানে)। ছবি: সুমন ইউসুফ

‘শিল্পকলা একাডেমির চিলেকোঠায় এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে।’—মুঠোফোনের ওপাশ থেকে আপাতত এই নির্দেশনাই দিলেন নাট্যকার মাসুম রেজা। লিফটে চেপে পৌঁছানো গেল চিলেকোঠায়। সেখানে খাওয়াদাওয়ার জন্য ‘জলখাবার’ নামের দোকান পেরোতেই খোলা ছাদ। তারই পাশে সত্যিকারের চিলেকোঠাজুড়ে আছে বেশ কয়েকটি মহড়াকক্ষ। তারই একটাতে সুরগাঁওয়ের লোকজন। নিরাপত্তাকর্মীর সহযোগিতায় সহজেই পৌঁছানো গেল সেই ‘সুরগাঁও’য়ে। ততক্ষণে মহড়া শুরু হয়েছে। নির্দেশকের ভূমিকায়ও মাসুম রেজা। নাটকটির সঙ্গে যুক্ত সব অভিনেতাই বেশ মনোযোগী। নির্দেশকের প্রতিটি বাক্য মেনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চোখেমুখে।

নিজেকে সরাসরি নির্দেশক বলতে নারাজ মাসুম রেজা। ‘সুরগাঁও একটা নাট্যকার নির্দেশিত নাটক।’ এই বাক্য দিয়ে শুরু করলেন কথা। কথা বলতে আপাতত ওইটুকুই। অপেক্ষা করতে বললেন বিরতির জন্য।

নাটকের শেষ দৃশ্যের মহড়া চলছিল তখন। নাটকের প্রধান চরিত্র আনাল ফকিরকে বিষপানে মৃত্যুবরণ করতে বাধ্য করা হবে। যেভাবে বাধ্য করা হয়েছিল দার্শনিক সক্রেটিসকে। পুরো গ্রামের মানুষের সামনে এই বিষপানের ঘটনা ঘটবে। সবাইকে কাঁদিয়ে চলে যাবেন আনাল ফকির। কিন্তু সেই কান্নাটা চেপে রাখতে হবে অস্ত্রের মুখে। এই দৃশ্যটাই দেখিয়ে দিলেন মাসুম রেজা। মজার তথ্য হলো, সক্রেটিসের সেই পানের পাত্রটাও দেখা মিলবে এ নাটকে। অবশ্য এমন তথ্য আগেই জানিয়েছেন মাসুম রেজা। দুদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সক্রেটিস যে পাত্র থেকে হেমলক পান করেছিলেন, সেই পাত্রটা দেখতে হলে অথবা দ্রৌপদীর যে শাড়িটা দুঃশাসন হাজার টেনেও হরণ করতে পারেনি, সেই শাড়িটা দেখতে হলে সুরগাঁও দেখতে আসুন।...’

নাটকটি দেখার জন্য এমন আমন্ত্রণ উপেক্ষা করা কঠিন। প্রথম মঞ্চায়ন দেখার জন্য সেই আমন্ত্রণে সাড়া দিতে অনেকেই ফেসবুকে যোগাযোগ করছেন নির্দেশকের সঙ্গে।

মহড়া চলছিল। শেষ হতেই হাতের কড় গুনে সাত মিনিটের বিরতি দিলেন মাসুম রেজা। এই ফাঁকে ধোঁয়া ওঠা দুধ-চা সমেত বসলেন। বললেন, ‘নাটকটি মগজ বাস্তবতার। ১৮০ বছর পর একজন ফিরে আসেন তাঁর গ্রামে। তাঁর ঘরে। ফিরে আসার সময় সঙ্গে নিয়ে আসেন ১৮০ বছর সময়কালের উপহার হিসেবে পাওয়া কিছু স্মারক। এটা নিয়েই নাটকটির কাহিনি।’

জানালেন মোট ২৩টি চরিত্র নিয়েই সুরগাঁও। চরিত্রগুলোর নামগুলোও অন্য রকম—আসমান, ওষ্ঠকালা, বাঁশিবুড়ি, পানাই, রাকেপ, বহাই, মুজলি বেগম, ইন্দ্রমুখী, আসমান, সুহি, কাবিলের মতো সব চরিত্র।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল দেশ নাটকের ২২তম প্রযোজনা হতে যাচ্ছে সুরগাঁও। আর ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো নির্দেশনায় দেখা যাবে মাসুম রেজাকে। বলে রাখা ভালো, নিত্য পুরান ছিল মাসুম রেজার প্রথম নির্দেশিত নাটক।

এইটুকু জানাতে জানাতেই সাত মিনিট শেষ। বিদায় নিতে হলো আগামীকালের আমন্ত্রণ নিয়ে।