'সুলতানা বিবিয়ানা'র টানে প্রেক্ষাগৃহে দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা বিবিয়ানা ছবির দৃশ্যে আঁচল
সুলতানা বিবিয়ানা ছবির দৃশ্যে আঁচল

‘এই সপ্তাহে যে কটি বাংলা সিনেমা আমাদের এখানে চলছে, এর মধ্যে সুলতানা বিবিয়ানাতে দর্শক বেশি। ছুটির দুই দিন বেশ ভালো চলেছে। হয়তো আয়নাবাজির মতো অত দর্শক নেই, কিন্তু বেশ ভালো।’ কথাগুলো বলছিলেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেজবাহ উদ্দিন।
বেশ কিছুদিন পর একটি ‘ভালো’ ছবি মুক্তি পেয়েছে—এমন মন্তব্য ঢাকার অনেক প্রেক্ষাগৃহের ব্যবস্থাপকের। সিনেমার এই মন্দা সময়ে ‘মন্দের ভালো’ ব্যবসা করছে সিনেমাটি। গত শুক্রবার মুক্তি পেয়েছে সুলতানা বিবিয়ানা। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা যায় এমন তথ্য।
ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহের ম্যানেজার রেজাউল করিম বললেন, ‘দর্শক আসছেন। কম নয়। যাঁরা আসছেন, তাঁরা গল্পের প্রশংসা করছেন।’
বলে রাখা ভালো, ‘আমাদের গল্পে আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে মুক্তি পেয়েছে এই ছবি। এর গল্প ও সংলাপ লিখেছেন সমুদ্রে নিখোঁজ হওয়া চিত্রনাট্যকার ফারুক হোসেন। গল্পের প্রশংসা করলেন টঙ্গীর চম্পাকলি প্রেক্ষাগৃহের ম্যানেজার আবুল কালাম। সঙ্গে প্রশংসা করলেন শুটিং লোকেশনেরও। শুটিং হয়েছে যশোরের ফুলখেতে এবং রাজবাড়ীর পদ্মার পাড়ে।
মুক্তির আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সরগরম ছিল সুলতানা বিবিয়ানা নিয়ে। নানা ধরনের সিনেমার গ্রুপে ইতিবাচক মন্তব্য আসছে। শুভকামনা জানাচ্ছেন নতুন নির্মাতা হিমেল আশরাফকে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন ‘অল দ্য বেস্ট, হিমেল। এনজয় দ্য মোমেন্ট’। গতকাল রোববার প্রথম আলোকে হিমেল আশরাফ বলেন, ‘সব কটি প্রেক্ষাগৃহ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষের প্রথম সন্তান জন্ম হওয়ার পর যেমন অনুভূতি হয়, আমার বেলাতেও তেমনটাই হয়েছে।’
সুলতানা বিবিয়ানায় অভিনয় করেছেন বাপ্পী, আঁচল, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ। ২০১৩ সালে মুক্তি পাওয়া জটিল প্রেম সিনেমার পর এই জুটির আরও একটি ‘হিট’ সিনেমা হতে যাচ্ছে এটি—এমনটাই মনে করছেন অনেকে।