'সুস্থ ও ভালো থাকতে চাই'
ক থো প ক থ ন: রিচি সোলায়মান। অভিনয়শিল্পী। আজ তাঁকে দেখা যাবে চ্যানেল নাইনে, হ্যাকারস ধারাবাহিকে

২০১৩ যেমন কাটল...
ভালো-মন্দ মিলিয়ে কেটেছে। দেশের সার্বিক অবস্থা তো ভালো ছিল না, ফলে এটা নিয়েও অনেক আতঙ্কে ছিলাম আর সবার মতোই। গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলাম। সেখানে স্বামী-সন্তান ও পরিবারের বাকিদের নিয়ে কিছু ভালো সময় কেটেছে। তবে যুক্তরাষ্ট্রেও টিভির সামনে বসে দেশের খবর দেখতাম।
গত বছরের মধুর স্মৃতি...
গত বছরের মে মাসে আমার বড় ভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন। সেই উপলক্ষে অনেক দিন পর পরিবারের সবাই মিলে ব্যাংককে গিয়েছিলাম ঘুরতে। দারুণ সময় কেটেছিল।
নতুন বছরের অঙ্গীকার...
ভালো অভিনয় ও নিজের প্রযোজনা সংস্থা নীলাঞ্জনা থেকে ভালো কাজ উপহার দিতে চাই। এ ছাড়া সুস্থ ও ভালো থাকতে চাই। চাই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক। সবাই ভালো থাকুক।
এ বছর যেসব কাজ করব...
যুক্তরাষ্ট্র থেকে ফিরে গোলাম সোহরাব দোদুলের আমোদপুর পাঠশালা ও আলভি আহমেদের শূন্য থেকে শুরু ধারাবাহিক দুটিতে অভিনয় করলাম। তবে এখনো ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। নীলাঞ্জনা থেকে ৩০ পর্বের একটি ধারাবাহিকের কাজ শেষ, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। শিগগিরই হয়তো কোনো একটি চ্যানেলে দেখা যাবে।
আমি যখন হ্যাকার...
রাজীবুল ইসলামের হ্যাকারস নাটকের গল্পটা একদমই আলাদা। আলাদা বলতে এমন চরিত্রে আমি এর আগে অভিনয় করিনি। তাই খুব ভালো লেগেছে কাজটা করে। বিশেষ করে ব্যাংককের পাতায়াতে আমি একজন অপরাধীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে নতুন অনেক অভিজ্ঞতা পেয়েছি।
বাস্তব জীবনে যা হ্যাক করতে পেরেছি...
হা হা হা! করেছি, কিন্তু বলা যাবে না!
রিচি যেখানে রিচ (ধনী)...
মনের দিক থেকে রিচ।
মানুষের যে গুণ সবচেয়ে বেশি মুগ্ধ করে...
ভালো ব্যবহার। আমি নিজেও চেষ্টা করি খারাপ পরিস্থিতিতেও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে।
নতুন বছরে সবাইকে বলি...
সবার জন্য শুভ কামনা। আশা করি, দেশের এই পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।
মাহফুজ রহমান