'সূর্যের উজ্জ্বল আলোকের মতো করে জ্বলবো'

সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার মিলনায়তনটি আজ বিকেল থেকে শিশুদের কলকাকলিতে মুখরিত হয়েছে। সেখানে ছুটোছুটি করেছে শিশুরা। ছোট্ট সোনামণির কেউ কেউ মেঝেতে পা ফেললে শোনা যাচ্ছিল নূপুরের নিক্বণ। সবার চোখে-মুখে উদ্ভাসিত আনন্দ-উচ্ছ্বাস। অভিভাবকদের পাশ কাটিয়ে চলছে পরস্পরের মধ্যে ভাববিনিময়। কেউ বা আবার গান শোনাবার, নৃত্য পরিবেশনের অথবা কবিতাপাঠের প্রস্তুতি নিচ্ছে।
আজ সোমবার বিকেলে এমন দৃশ্যের দেখা মিলল সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কার্যালয়ে। মন ভালো করে দেওয়া এই দৃশ্যের উপলক্ষ ছিল মেলার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাফল্য ও গৌরবের বিশেষ দিবসটিকে কেন্দ্র করে আয়োজন করা হয় আনন্দানুষ্ঠানের।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরু হয় নির্ধারিত সময়ের অন্তত ১ ঘণ্টা পর। কারণ অতিথির জন্য অপেক্ষা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে সেখানে শুরু হয় মূল অনুষ্ঠান।
প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মেলার সহসভাপতি রওশন আরা ফিরোজ। মেলার খুদে বন্ধুদের পক্ষে বক্তৃতা করে দুই শিশু বক্তা আরমিন ও রাহামণি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা শুরুর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সমবেত গানর মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে আসে সোনামণিরা। গানের
সুরে বলে যায় নিজেদের সংকল্পের কথা। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অনেকগুলো কচিকণ্ঠ একসুরে গেয়ে শোনায়- ‘সূর্যের উজ্জ্বল আলোকের মতো করে জ্বলবো...’। দ্বিতীয় গানটিও সমবেত, কচি-কাঁচার মেলার জন্মদিনের আনন্দময় বার্তাধ্বনি-বছর ঘুরে আবার এসেছে/স্মৃতিভরাপ্রীতি ঘেরা আনন্দের দিন/কচি-কাঁচার শুভ জন্মদিন ...’।
সমবেত কণ্ঠে গাওয়া তৃতীয় গানটি ছিল-‘একটি কলি একটি শিশু/সুন্দর আগামীর স্বপ্ন ...’। একক কণ্ঠে মেলার সদস্য জুনায়েদ গেয়ে শোনায়-‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা...’। মেলার আরেক খুদে সদস্য ইশরাতের গাওয়া গানের শিরোনাম ছিল-‘লাল পাতার নূপুর
বাজে...’। শুক্লা সরকারের পরিচালনায় শিশুরা পরিবেশন করে পাঁচটি দলীয় নৃত্য।