‘সূর্যোদয়ও দেখি না, সূর্যাস্তও দেখি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর। এফডিসির প্রধান ফটক ফাঁকা। ভেতরে শুটিংয়ের তেমন কোনো তোড়জোড় নেই। তবে ৩ নম্বর ফ্লোরের মুখে দেখা গেল নতুন নায়ক জায়েদ খানকে, সঙ্গে কয়েকজন পরিচালক। ‘এর মধ্যে ইউরোপ ঘুরে এলাম।’ কথা প্রসঙ্গে বললেন জায়েদ খান। আজ শুটিং নেই? ‘না। তার পরও ঘুরতে এলাম। ৬ ফেব্রুয়ারি থেকে আগুনের চোখে প্রেম ছবির শুটিং শুরু হবে। ১৭ তারিখ থেকে রাজু চৌধুরীর নতুন ছবির কাজ।’ এদিকে ৮ নম্বর ফ্লোরের বারান্দায় বেশ হুড়োহুড়ি। ছবির কোনো শুটিং কি না, বোঝা যাচ্ছে না। কাছে যেতেই দালানের গায়ে বড় করে ‘রেসিডেনসিয়াল মডেল কলেজ’ লেখা একটা সাইনবোর্ড চোখে পড়ল।বইপত্র হাতে একদল ছেলেমেয়ে ঘোরাঘুরি করছে। পুরোপুরি শিক্ষাপ্রতিষ্ঠানের আবহ। সবকিছু দেখে কৌতূহল বাড়ল। এখানে কলেজ বানানো হয়েছে? মনের মধ্যে প্রশ্ন। ছেলেমেয়েদের ভিড়ের মধ্যে ঢুকে গেলাম। একজনকে জিজ্ঞাসা করতেই উত্তরে বললেন, ‘এখানে প্রেম প্রেম পাগলামি ছবির শুটিং হইতাছে।’এখান থেকে বেরিয়ে ঘোরাঘুরি করছি। হঠাৎ ৯ নম্বর ফ্লোরের স্টুডিওর ভেতর থেকে গানের সুর কানে এল—‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।’ স্টুডিওর ফটকে দারোয়ানের শক্ত অবস্থান। তবে পরিচয় দিতেই ভেতরে ঢোকার সুযোগ মিলল। বোঝা গেল, কোনো একটি গানের প্রতিযোগিতার অনুষ্ঠান ধারণ চলছে। মঞ্চে তখনো গানটি গাইছেন শিল্পী। পাশে দাঁড়ানো একজন বললেন, বিজিএমইএ পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতার অনুষ্ঠান ধারণ চলছে। মঞ্চের পেছনে ব্যানারের লেখায় সেটি আরও স্পষ্ট হলো। এর পরই দেখা পেলাম তিন বিচারকের—সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী আর কনকচাঁপা। মনোমুগ্ধ হয়ে গান শুনছেন তিনজন। পাশেই বিশেষ অতিথির আসনে নাসির উদ্দীন ইউসুফ। মঞ্চের ওপরের একপাশে উপস্থাপক আব্দুন নূর তুষার। গানটি শেষ হলে তিনি নাসির উদ্দীন ইউসুফকে গানটি নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করলেন। নাসির উদ্দীন ইউসুফ বললেন, ‘গানের সঙ্গে বাংলাদেশের যে চিত্র ফুটে উঠছে, তা আবেগময়। পোশাকশিল্পীরা সারা দিন এত শ্রম করেও এত ভালোভাবে গান গাইতে পারে, আমি বিস্মিত!’ প্রতিক্রিয়া জানানোর পালা এবার সাবিনা ইয়াসমীনের। তিনি বললেন, ‘আরমানের গানের গলা খুব ভালো। ও ভালো গেয়েছে।’আরেক বিচারক তপন চৌধুরী বললেন, ‘আমাদের ফিল্মে এ ধরনের কণ্ঠ দরকার।’ এরপর গাইতে এলেন তানভির। ‘যে মাটির নিচে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা...’ গানটি শুরু করলেন তিনি। কিছু দূর গাওয়ার পর মনিটরের সামনে বসা দুজন পরিচালকের একজন আওয়াল রেজা হঠাৎ থামিয়ে দিলেন গানটি। মাইক্রোফোনে বললেন, ‘গানের সঙ্গে মিউজিক মিলছে না।’ যন্ত্রীরা পুনরায় মিউজিক সাজিয়ে নিলেন। আবার শুরু করলেন তানভির।এক ফাঁকে আকেজন পরিচালক হাসান আবিদুর রেজা (জুয়েল) বললেন অনুষ্ঠান সম্পর্কে, ‘সর্বশেষ ছয়জনের এই দল থেকে আজ একজন বাদ পড়বেন। আমরা এখানে রুনা লায়না, সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী বা একজন আইয়ুব বাচ্চুকে আবিষ্কার করছি না। এসব শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। এর বাইরেও তাঁরা যে গান গাইতে পারেন, অনুষ্ঠানটির মাধ্যমে তা সবাইকে জানাতে চাই।’ এরপর গলায় একটু আবেগ ঝরে পড়ল জুয়েলের। জানালেন, চট্টগ্রামে এই প্রতিযোগিতার জন্য গিয়েছিলাম। সেখানে একজন মেয়ে প্রতিযোগী আমাকে বলেছিলেন, “আমরা সূর্যোদয়ও দেখি না, আবার সূর্যাস্তও দেখি না। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তা দেখার সুযোগ হয়েছে।”’