'সৃষ্টি' হলেন মিস এশিয়া প্যাসিফিকের সুন্দরী শ্রেষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৃষ্টি রানা
সৃষ্টি রানা

মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ২০১৩-এর সেরা সুন্দরীর শিরোপা জিতলেন ভারতের সৃষ্টি রানা। ২১ বছরের সৃষ্টি ছিলেন মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতার রানার আপ।

বুধবার দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত এক অনুষ্ঠানে সৃষ্টিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরপর দুই বছর এ খেতাব জিতল ভারতীয়রা। গত বছর মিস এশিয়া প্যাসিফিকের সেরা সুন্দরী হয়েছিলেন হেমাঙ্গিনী সিং।

ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন তিন মহাদেশের ৪৯টি দেশের বাছাই করা সুন্দরী প্রতিযোগীদের হারিয়ে সেরা হন সৃষ্টি। এ প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন হেমাঙ্গিনী মুকুট পরিয়ে দেন সৃষ্টির মাথায়।

সৃষ্টি ময়ূরের পেখম দিয়ে তৈরি ও ময়ূরকণ্ঠী রঙের বিশেষ কস্টিউম পরে মঞ্চে হাজির ছিলেন। এজন্য সেরা ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করা সৃষ্টি পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার স্বপ্ন যেন সত্যি হয়েছে। আমার নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। পুরস্কার জেতার কথাটি নিজেরই বিশ্বাস হচ্ছে না।’

সৃষ্টি ও হেমাঙ্গিনীর আগে দুই বলিউড সুন্দরী দিয়া মির্জা ও জিনাত আমন ২০০০ ও ১৯৭০ সালে এই শিরোপা পেয়েছিলেন।