'সেটা তো ভাবতে হবে'

ছবিতে অভিনয় করেছেন তিনি। অথচ আজ ছবি মুক্তির পর জানালেন, ছবির নাম নাকি পছন্দ হয়নি। ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির নায়িকা পরীমনি বললেন, ‘নামটা কেন জানি আমার পছন্দ হয়নি। ছবির এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এতে অভিনয় করে মনে হয়েছে, ছবির নাম অন্য কিছু হলে ভালো হতো।’ আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর সঙ্গে ফোনালাপে কথাগুলো বললেন নায়িকা পরীমনি।
নাম দেওয়ার দায়িত্ব পেলে তিনি এই ছবির কী নাম দিতেন? জানতে চাইলে পরীমনি বলেন, ‘তা তো এই মুহূর্তে বলতে পারছি না। সেটা তো ভাবতে হবে। আমার ক্ষমতা থাকলে এই নামটা অন্তত দিতাম না।’
মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন মৌসুমী, ফেরদৌস, রাজ্জাক, শিরিন শিলা, ইরফান সাজ্জাদ, শহীদুল আলম সাচ্চু ও শামস সুমন প্রমুখ।
‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে পরীমনি অভিনয় করেছেন যমজ বোনের চরিত্রে। গল্প প্রসঙ্গে পরীমনি জানান, ‘জন্মের সময় শরীর জোড়া লাগানো যমজ বোনকে নিয়েই এই ছবির কাহিনি। এই দুই বোনকে নিয়ে চক্রান্তে জড়ায় তাদের মামা।’
ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরীমনি বললেন, ‘সারাক্ষণ আমাদের দুজনের কোমর দড়ি দিয়ে বাঁধা থাকত। হাঁটা-চলায় ভীষণ কষ্ট হতো। কিন্তু গল্পের প্রতি ভালো লাগার কারণে কষ্টটাকে কষ্ট মনে হয়নি।’
বর্তমানে কক্সবাজারে ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন পরীমনি।