‘সেলফ টাইটেল’ নিয়ে শিরোনামহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড দল শিরোনামহীনের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ বাজারে আসে ২০০৪ সালে। এরপর প্রতি দুই বছর পরপর একে একে বের হয় ‘ইচ্ছে ঘুড়ি’, ‘বন্ধ জানালা’ ও ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’। এবার ব্যান্ড দলটি কাজ শুরু করেছে ‘সেলফ টাইটেল’ নামক অ্যালবামটি নিয়ে। শিরোনামহীন সম্প্রতি নিজেদের স্টুডিও গানবাজে রেকর্ডিংয়ের মাধ্যমে সেলফ টাইটেল অ্যালবামের কাজ শুরু করেছে । জানা গেছে, অ্যালবামে মোট ১০টি গান থাকবে। এর মধ্যে চারটি গানের কথা হলো: ‘আচ্ছা ঠিক আছে’, ‘কিছু কথা’, ‘আবার হাসিমুখ’ ও ‘আততায়ী’। গানের কথা লিখছেন যথারীতি ব্যান্ডের সদস্যরা। সুর ও সংগীত পরিচালনা করছেন নিজেরাই।ব্যান্ডটির অন্যতম সদস্য জিয়া বলেন, ‘বিশ্বের সব ব্যান্ডের সদস্যদের সেলফ টাইটেল অ্যালবাম রয়েছে। কেউ হয়তো শুরুর দিকে এবং আবার কেউ পরে সেটি করে থাকে। আমরা মনে করেছি, সেলফ টাইটেল অ্যালবামটি করার জন্য এখনই উপযুক্ত সময়। তাই কাজ শুরু করে দিলাম। তবে কোনো তাড়াহুড়ো না করে একটু সময় নিয়েই কাজটা করতে চাই।’জিয়া বলেন, ‘এটি আমাদের পঞ্চম অ্যালবাম। বরাবরের মতো এবারও আমাদের গানগুলোয় অ্যাকুস্টিক যন্ত্র ব্যবহারের প্রাধান্য থাকবে। এ ছাড়া সাউন্ড কোয়ালিটির দিকে বেশ নজর দিচ্ছি।’সেলফ টাইটেল অ্যালবামের আগে এ বছরের শেষ দিকে শিরোনামহীনের পুরো ইতিবৃত্ত নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করা হবে।