'সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট' নিয়ে গান

চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট’। ২৭ জুন মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেওয়া সেলিব্রেটিদের উত্সাহ জোগাতে এবং দর্শকদের আনন্দ দিতে এবার তৈরি হয়েছে একটি বিশেষ গান। ‘হৈচৈ হৈচৈ হট্টগোল/গোলেমালে গোলেমালে গোলেমালে হয়ে গেল গোল/গোল গোল গোল, বাজাও বিজয়ের ঢামাঢোল’—এমন কথায় সাজানো গানটির সুর ও সংগীত করেছেন ফরিদ আহমেদ। গানটির কথা লিখেছেন মেজর (অব.) আনিস-উল-ইসলাম। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও সুর দরিয়া এপার ওপারের শিল্পী মনির, মেহেদী, স্মরণ, প্রান্তি ও জাকির।
গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, ‘গানটির মধ্যে আমরা ফুটবলের আনন্দটা তুলে ধরার চেষ্টা করেছি। এটির সুর ও সংগীতায়োজন সাজানো হয়েছে রিদমিক ধাঁচে। আশা করি, গানটি শুনে সবাই উজ্জীবিত হবেন।’ জানা গেছে, সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট অংশ নেবেন দেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও ক্রীড়াঙ্গনের সেলিব্রেটিরা। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের জার্সি পরে মাঠে নামবেন তাঁরা।