'সেলিম আল দীন উৎসব' শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীন
সেলিম আল দীন

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘সেলিম আল দীন উৎসব’। উপলক্ষ এই নাট্যাচার্যের ৬৮তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ১৮ আগস্ট জন্ম নিয়েছিলেন তিনি।
আগামীকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বেলা সাড়ে তিনটায় একটি সেমিনার হবে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে। পরের দিন শনিবার বিকেল চারটায় জাতীয় নাট্যশালার লবিতে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় মূল মঞ্চে হবে উৎসবের উদ্বোধন। থাকবে পদক প্রদান এবং একই মঞ্চে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ধাবমান।
রোববার নাট্যশালার মূল মঞ্চে সন্ধ্যা সাতটায় থাকছে বোধন থিয়েটারের নাটক চন্দ্রাবতী কথা। একই সময়ে স্টুডিও থিয়েটারে থাকছে সেলিম আল দীনের গান ও রচনা নিয়ে আলেখ্য। সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে বঙ্গলোক নাটক দলের পরিবেশনা রূপচান সুন্দরীর পালা।
সোমবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে থাকবে ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন, একই সময়ে মঙ্গলবার থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক স্বপ্নরমণীগণ এবং শেষ দিন বুধবার একই সময়ে মঞ্চস্থ হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক নীলাখ্যান।
উৎসবটি আয়োজন করেছে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।