'সোনাই মাধব' যাচ্ছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাই মাধব নাটকের দৃশ্য
সোনাই মাধব নাটকের দৃশ্য

‘সোনাই মাধব’ ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি মৈয়মনসিংহ গীতিকা অবলম্বনে লেখা এবং নিরীক্ষাধর্মী আঙ্গিকে মঞ্চস্থ একটি নাটক। যার কাহিনি গানে গানে এগিয়ে চলে। বাংলাদেশে এবং বিদেশে বহুল প্রশংসিত নাটকটির ইতিমধ্যেই ১৬৪ তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এবার ভারতের কলকাতায় অনুষ্ঠেয় গঙ্গা-যমুনা নাট্যোৎসবে দেখা যাবে নাটকটি। এ উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে লোক নাট্যদল (বনানী)।

লোক নাট্যদলের সাধারণ সম্পাদক কামরুন নুর চৌধুরী প্রথম আলোকে জানান, আগামী ৭ ডিসেম্বর কলকাতার নিরঞ্জন সদন মঞ্চে নাটকটির মঞ্চায়ন হবে। ৩ তারিখে কলকাতার উদ্দেশে যাত্রা করবে পুরো দল। প্রাচীন ঐতিহ্য অনুসরণে এতে নারী চরিত্রগুলো পুরুষ শিল্পীরা রূপায়ণ করেছেন। নাটকটির নির্দেশক ইউজিন গোমেজ এবং সংগীত পরিকল্পনা করেছেন মোস্তফা আনোয়ার। নাটকে ব্যবহৃত গানগুলোর সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী ও মোস্তফা আনোয়ার। তিনি বলেন, বাংলার হাজার বছরের নাট্য আঙ্গিক যাত্রাপালা ও পদাবলি কীর্তনের সংমিশ্রণে এক নতুন আঙ্গিকে এ পদাবলি যাত্রা ‘সোনাই মাধব’ মঞ্চস্থ হয়, যাতে বাংলার পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে অনেকগুলো নিরীক্ষা করা হয়েছে।

সোনাই মাধব নাটকের দৃশ্য
সোনাই মাধব নাটকের দৃশ্য

বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত মৌখিক আখ্যান ‘সোনাই মাধব’, যে আখ্যানে ‘সোনাই’ ও ‘মাধব’ নামক দুই তরুণ-তরুণীর জীবন, তাদের প্রেম আর বিয়োগান্ত পরিণতির গল্প বলা হয়।
প্রসঙ্গত, ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’ ভারতের অন্যতম প্রধান নাট্যোৎসব হিসেবে স্বীকৃত যা প্রতি বছর ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যপ্রযোজনাসমূহ এ উৎসবে মঞ্চস্থ হয়ে আসছে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান নাট্য সংগঠন অনীক এ উৎসবের আয়োজক।
সোনাই মাধব নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, জাহিদ চৌধুরী, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান, ইউজিন গোমেজ, খায়রুল আলম, আবদুল্লাহ আল হারুন, নুরুল ইসলাম খান, হাফিজুর রহমান, জসিম উদ্দিন খান প্রমুখ।