'সোনাবন্ধু' চলছে কোথায়?

• মনিটর লাগানোর শুরু থেকেই এটি চলছে।
• তবে চলচ্চিত্রটি ঢাকা ও ঢাকার বাইরে কোথাও চলছে না।
• এলইডি মনিটরে দেখা যাচ্ছে, ‘সারা দেশব্যাপী চলছে সোনাবন্ধু’।
গত বছরের ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটি। দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে চলেছে এটি। তবে এখন কোনো প্রেক্ষাগৃহে না চললেও ঢাকার বিভিন্ন রাস্তায় লাগানো এলইডি মনিটরে দেখা যাচ্ছে, ‘সারা দেশব্যাপী চলছে সোনাবন্ধু’। গতকাল বুধবার বিকেল পর্যন্ত এই চিত্রই দেখা গেছে।
গত নভেম্বর থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন রাস্তায় দুই ফুট বাই চার ফুট আকৃতির এলইডি মনিটর লাগানো হয়। সেখানে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন প্রচারিত হয়। শুরু থেকেই প্রচারিত হচ্ছে ‘সোনাবন্ধু’র বিশেষ বিজ্ঞাপন।
রাস্তায় লাগানো এলইডি মনিটরের বিজ্ঞাপনগ্রহীতা হিসেবে কাজ করছে ক্যামেরা ভিশন নামে একটি প্রতিষ্ঠান। ‘সোনাবন্ধু’র বিজ্ঞাপন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাহিদ মাহমুদ বলেন, ‘ছবির নায়ক ও প্রযোজক ডি এ তায়েব ভাইয়ের সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরে আমরা বিজ্ঞাপনটি প্রচার করছি। এ জন্য কোনো চার্জও নিচ্ছি না।’ তিনি আরও বলেন, অন্যান্য সিনেমার পরিচালক ও প্রযোজকদের মধ্যে আগ্রহ তৈরি করতেই বিজ্ঞাপনটি প্রচারিত হচ্ছে।
‘সারা দেশব্যাপী চলছে’ কথাটির দ্বারা সিনেমার দর্শকেরা বিভ্রান্ত হচ্ছেন। জাহিদ বলেন, ‘মনিটর লাগানোর শুরু থেকেই এটি চলছে। তখন দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছিল। এ কারণে ওটা লেখা ছিল। নতুন করে সংশোধন করার জন্য তায়েব ভাইকে বলেছি।’
অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘যত দূর জানি ছবিটি এখনো মফস্বলের দু-একটি সিনেমা হলে চলছে। তবে এখন বিজ্ঞাপনটি সংশোধন করে দেব।’ তবে চলচ্চিত্রটি ঢাকা ও ঢাকার বাইরে কোথাও চলছে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সিনেমা হল বুকিং এজেন্ট সমিতির প্রেসিডেন্ট সারোয়ার ভূঁইয়া ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।