‘সোহাগপুর’ ছবিতে ফেরদৌস ও মৌসুমী
সোহাগপুর ছবিতে অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী। গত শুক্রবার এই ছবিতে অভিনয়ের ব্যাপারে ফেরদৌস ও মৌসুমীর সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছেন পরিচালক মামুন-উর-রশীদ।ফেরদৌস বলেন, ‘ছবিটি মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা নিয়ে। এ ধরনের ছবির জন্য যতটা প্রস্তুতি দরকার, আমার মনে হয় পরিচালক তা নিয়েছেন।’শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের নাম কাকরকান্দি। কাকরকান্দির গারো পাহাড়ের কোল ঘেঁষে একটি গ্রাম, নাম সোহাগপুর। ২৫ জুলাই ১৯৭১। রাজাকার-আলবদর বাহিনীর প্রত্যক্ষ মদদ ও অংশগ্রহণে পাকিস্তানি হানাদার বাহিনী ছয় ঘণ্টায় নির্বিচারে গুলি করে ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। তাঁদের মধ্যে সবাই পুরুষ। পাকিস্তানি সেনারা একসময় চলে যায়। পেছনে ফেলে যায় লাশ আর লাশ। তারপর কী হয়েছিল সেদিন? এত লাশ নিয়ে সোহাগপুরের নারীরা কী করেছিল? এই ঘটনা অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন মামুন-উর-রশীদ। ছবিটির শুটিং শুরু হচ্ছে ঈদের পর। তবে ফেরদৌস ও মৌসুমী অংশ নেবেন ৮ সেপ্টেম্বর।