‘স্টার ড্যান্স’-এর শুটিং শুরু
ফুয়াং ক্লাবে শুরু হয়েছে এশিয়ান টিভির তারকানির্ভর রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স ২০১৩’-এর শুটিং। এ উপলক্ষে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন ‘স্টার ড্যান্স’-এর প্রধান দুই বিচারক বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও চিত্রনায়ক ফেরদৌস, অতিথি তারকা বিচারক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নৃত্যশিল্পী-টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ এবং অভিনেত্রী-নৃত্যশিল্পী রিচি সোলায়মান। তারকা প্রতিযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা, টিভি অভিনেত্রী-মডেল ঈশানা এবং অভিনেত্রী-মডেল বিদ্যা সিনহা মিম। আরও ছিলেন স্টার ড্যান্স উপস্থাপক নাবিলা। উক্ত সংবাদ সম্মেলনে ‘স্টার ড্যান্স’-এর উপদেষ্টা কামরুজ্জামান বাবু এবং প্রকল্প প্রধান সৈকত সালাহউদ্দিনসহ আরও অনেকে হাজির হয়েছিলেন। উল্লেখ্য, নতুন বছরে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে এশিয়ান টিভি। চ্যানেলটির উদ্যোগে দেশের বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নির্মাণ শুরু হয়েছে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স’।