'স্টোরি অব সামারা' ছবিতে গাইলেন ইমরান ও পড়শী
ইমরান, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর শিল্পী। আর পড়শী, ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর কণ্ঠশিল্পী। একসঙ্গে তাঁরা দুজন বেশ কয়েকটি অডিও অ্যালবামে গান গেয়েছেন। অংশ নিয়েছেন গানের ভিডিওচিত্রেও। এবারই প্রথম এই দুই শিল্পী একসঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন। রিকিয়া মাসুদো পরিচালিত ছবিটির নাম ‘স্টোরি অব সামারা’। ‘ধিকিধিকি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। সম্প্রতি ইমরানের ‘মিউজিক ল্যাব’ স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘পড়শীর সঙ্গে আমি আগে অডিওর গানে কণ্ঠ দিয়েছিলাম। এবার গাইলাম চলচ্চিত্রের জন্য। গানটির সুর-সংগীতও আমার। আমি চেষ্টা করেছি কাজটিকে স্মরণীয় করে রাখতে।’
অন্যদিকে পড়শী বলেন, ‘ইমরান ভাইয়া আর আমার গাওয়া ‘জনম জনম’ গানটি এখন বেশ জনপ্রিয়। আশা করি, এই গানটিও সবাই পছন্দ করবেন।’
উল্লেখ্য, ২০১১ সালে প্রকাশিত ইমরানের প্রথম একক ‘স্বপ্নলোক’-এর ‘হূদয়ের গহীনে’ গানটি ছিল ইমরান ও পড়শীর গাওয়া প্রথম দ্বৈত গান। এরপর গত ঈদে প্রকাশিত পড়শীর তৃতীয় একক ‘পড়শী-থ্রি’তে ‘জনম জনম’ গানটিতে কণ্ঠ দেন পড়শী ও ইমরান। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে গানটির মিউজিক ভিডিও দেখানো হচ্ছে। এদিকে এ বছরের এপ্রিলে প্রকাশিত হয় ইমরানের সর্বশেষ একক গানের অ্যালবাম ‘তুমি’। এই অ্যালবামের জন্য ইমরান মেরিল-প্রথম আলো তারকা জরিপের প্রথম আসরে সেরা সংগীতশিল্পীর মনোনয়ন পেয়েছেন।