
বিলবোর্ডের শীর্ষ রক অ্যালবামের তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে আশির দশকের অন্যতম মেটাল গানের দল স্ট্রাইপার। তাদের নো মোর হেল টু পে শীর্ষক অ্যালবামটি এক সপ্তাহ ধরে এ তালিকায় ঢুকে গেছে। স্ট্রাইপার সংগীতজগতের প্রথম দিককার ক্রিশ্চিয়ান মেটাল গানের দল।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে স্ট্রাইপার নামের দলটি আশির দশকের গোড়ার দিকে যাত্রা শুরু করে। সুইট ভ্রাতৃদ্বয় (মাইকেল সুইট ও রবার্ট সুইট) এ দলের প্রতিষ্ঠাতা সদস্য।
সে সময় তাঁদের সঙ্গে এরিক জনসন বেজ বাজাতেন। প্রথমে এই তিনজনই অনুশীলন করতেন। গিটারিস্ট হিসাবে অজ ফক্স যোগ দেওয়ার আগে তাঁদের সঙ্গে বেশ কয়েকজন গিটারিস্ট অল্প সময়ের জন্য বাজিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ডানা আল্ডরিচ ও সি সি ডেভিলে। ১৯৮৩ সালে বেজিস্ট হিসেবে আসেন টিম গেইনেস। এরপর রেকর্ড লেবেলের সঙ্গে তাঁদের কথা হয়। এনিগমা রেকর্ডস দলটির নাম বদলাতে বলে। এরপর দলটির নাম রাখা ‘স্ট্রাইপার’। বাইবেলের একটি লাইন ‘বাই হিজ স্ট্রাইপস উই আর হিলড’ থেকে দলের নামকরণ এবং এই লাইন দলের লোগোর সঙ্গেও যুক্ত হয়ে যায়। এর কিছুদিন পরই এর প্রথম ইপি দ্য ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যাটাক বের করে। সে সময় দলটি র্যাট ও বন জোভির মতো জনপ্রিয় রক দলের সঙ্গে কনসার্ট করার কারণে সমালোচিত হয়। কেননা, এটি তো ক্রিশ্চিয়ান মেটাল দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
১৯৮৫ সালে তাদের প্রথম অ্যালবাম সোলজারস আন্ডার কমান্ড বের হয়। অ্যালবামটি তাদের বেশ সাফল্য এনে দেয়। অপ্রত্যাশিত এই সফল অ্যালবামের কারণে এনিগমা রেকর্ডস তাদের প্রথম ইপি পুনরায় বের করার চিন্তা করে। তাই ১৯৮৬ সালে দ্য ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যাটাক নতুন দুটো গান সংযুক্ত করে বের করা হয়। অ্যালবামের কাভার আর্টও নতুন ছিল।
স্ট্রাইপারের তৃতীয় অ্যালবাম টু হেল উইথ দ্য ডেভল ১৯৮৬ সালের ২৪ অক্টোবর বের হয়। সেটি বিলবোর্ডের শীর্ষ তালিকায় তিন মাস অবস্থান করেছিল। পরে তা প্লাটিনাম হিসেবে ভূষিত হয়। দুই মিলিয়ন কপির বেশি বিক্রি হওয়ায় তা স্ট্রাইপারের সর্বাধিক সফল অ্যালবামে পরিণত হয়। এটি ছিল প্রথম ‘কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক’ ও ‘ক্রিশ্চিয়ান মেটাল’ অ্যালবাম, যেটা এতটা ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে। অ্যালবামটির ‘কলিং অন ইউ’, ‘ফ্রি’ ও ‘অনেস্টলি’ গানগুলো ১৯৮৭ সালে এমটিভিতে জনপ্রিয় ছিল।
এভাবে তারা এগিয়ে যায়। মাঝখানে তাদের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে সংগীতে বিরতি থাকলেও তারা থেমে যায়নি।
স্ট্রাইপার মূলত ক্রিশ্চিয়ান মেটাল গান করত। খ্রিষ্টধর্মের কথা তারা মেটাল গানের মধ্য দিয়ে প্রকাশ করত বলে এটা ক্রিশ্চিয়ান মেটাল। তবে এ ছাড়া তারা গ্ল্যাম মেটাল, হেভি মেটাল, হার্ড রক ও ন্যু মেটাল ধাঁচের গানও করে।
স্ট্রাইপারের যত অ্যালবাম
সোলজারস আন্ডার কমান্ড (১৯৮৫), টু হেল উইথ দ্য ডেভল (১৯৮৬), ইন গড উই ট্রাস্ট (১৯৮৮), অ্যাগেইনস্ট দ্য ল (১৯৯০), রিবর্ন (২০০৫), মার্ডার বাই প্রাইড (২০০৯), দ্য কাভারিং (২০১১), সেকেন্ড কামিং (২০১৩), নো মোর হেল টু পে (২০১৩)।
স্ট্রাইপারের বর্তমান সদস্য
মাইকেল সুইট—লিড ভোকালস, গিটার
রবার্ট সুইট—ড্রামস
টিম গেইনেস—বেজ
অজ ফক্স—গিটার
l মনোয়ারুল হক